
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের আইনজীবীর বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলক সময়ক্ষেপণের’ অভিযোগ এনেছেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় তিনি আদালতে বলেন, ‘কেয়ামতের আগে জেরা শেষ হবে না।’
আজ বুধবার এই মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীকে জেরার সময় সরকারি কৌঁসুলি এই অভিযোগ করেন। জবাবে বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার অভিযোগটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এই মামলার জেরা হয়। কাল বৃহস্পতিবার পর্যন্ত জেরা মুলতবি রাখা হয়েছে।
আজ জেরার সময় কামালউদ্দিন আহাম্মদ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আসামির আইনজীবী প্রাসঙ্গিক প্রশ্ন করছেন না। একটা বিষয় নিয়ে তিনি বারবার কথা বলছেন। নিশ্চিতভাবে তিনি চান, যেভাবে হোক না কেন সময়ক্ষেপণের দরকার। তাই তিনি ইচ্ছাকৃতভাবে এ কাজ করছেন।’
কামাল উদ্দিন আহাম্মদ আদালতে আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে ২২ কার্যদিবস জেরা করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় যুক্ত করলে তদন্ত কর্মকর্তাকে নিয়েই কেবল ২৬ কার্যদিবস ধরে আদালতে এই মামলার কার্যক্রম চলছে। যেভাবে চলছে তাতে মনে হচ্ছে, কেয়ামতের আগে এ জেরা শেষ হবে না।’
আসামির আইনজীবী আবদুস সোবহান তরফদার এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি আদালতে বলেন, ন্যায়বিচারের স্বার্থে তদন্ত কর্মকর্তাকে প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে।
আদালতের কার্যক্রম শেষে কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাবর সাহেবের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা জেরা করেছেন। অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আইনজীবী সময় নষ্ট করেছেন। অথচ এই তিন ঘণ্টার জেরায় বাবর সাহেব সম্পর্কে তদন্ত কর্মকর্তাকে একটি প্রশ্নও করা হয়নি। এ কারণে আদালতের হস্তক্ষেপ কামনা করেছি।’
জেরা: আজ দুপুর সোয়া ১২টার দিকে বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার আরেক আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক লিয়াকত হোসেনের পক্ষে তাঁর আইনজীবী কামরুল ইসলাম অসমাপ্ত জেরা শুরু করেন। কামরুল ইসলাম বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত তদন্ত কর্মকর্তার বক্তব্য তুলে ধরে একটি পত্রিকার উদ্ধৃতি নিয়ে প্রশ্ন তোলেন। কামরুল বলেন, ‘এটা কি আপনার (তদন্ত কর্মকর্তা) বক্তব্য?’ জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ‘এই বক্তব্য আমার নয়। তবে আমি কদাচিত্ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি।’ মধ্যাহ্নবিরতির আগেই লিয়াকতের আইনজীবীর জেরা শেষ হয়। এরপর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবী আবদুস সোবহান তরফদার জেরা শুরু করেন।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এই মামলায় অধিকতর তদন্তে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক দুই জেনারেলসহ ১১ জনকে সম্পূরক অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।