‘কেরানীগঞ্জের এক ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জমি অধিগ্রহণের জন্য উদ্যোগ নিচ্ছে—এমন খবরের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।পরে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি নসরুল হামিদ এ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, ‘কেরানীগঞ্জের এক ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না। আপনাদের এ আন্দোলনের সঙ্গে আমিও একমত। এ ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব।’প্রত্যক্ষদর্শীরা জানান, চুনকুটিয়া ও তেঘরিয়া মৌজায় রাজউকের জমি অধিগ্রহণের প্রতিবাদে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতি গতকাল সকালে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সমিতির সদস্যদের পাশাপাশি তেঘরিয়া মৌজার কয়েক শ জমির মালিক অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির সভাপতি হাজি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন প্রমুখ।চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন বলেন, ‘দুই দিন আগে সাহারা ইন্ডিয়া পরিবার ঢাকা সফর করে গেছে। আমরা জানতে পেরেছি, রাজউক এখানকার জমি অধিগ্রহণ করে সাহারা ইন্ডিয়াকে দেওয়ার চিন্তা করছে। কিন্তু আমাদের জমি কাউকে অধিগ্রহণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে ঢাকা-মাওয়া মহাসড়ক অচল করে দেওয়া হবে।’সমিতির সভাপতি হাজি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সহসভাপতি মো. শাহজাহান, তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক তামিম আহমেদ প্রমুখ।