‘কেলাসের বিতরে ডুইকলে ডর লাগে’
‘কেলাসের বিতরে ডুইকলে ডর লাগে। কতক্কনে ছাদ ভাঙি মাতার ওপরে হড়ে। আর বর্ষার সময় ছাদেত্তুন হানি হড়ি বইখাতা ও কোত্তা বিজি যায়।’ কথাগুলো বলছিল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সদ্য সরকারি হওয়া পশ্চিম চরজব্বার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হোসেন। আমিরের মতো বিদ্যালয়টির প্রায় সাড়ে আট শ শিক্ষার্থীই এ রকম প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হয়—কখন যে জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনটি ভেঙে পড়ে।বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, একতলা ভবনটি খুবই জরাজীর্ণ। দরজা-জানালা বেশির ভাগই নেই। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল ও বেঞ্চ। প্রায় সাড়ে আট শ শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক। টয়লেট ব্যবহার অনুপযোগী, একমাত্র টিউবওয়েলটিও অকেজো। শিশুদের পাশের বাড়ি থেকে খাওয়ার পানি এনে খেতে হয়।প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে নিশ্চিন্তে বসতে পারি না। ভয় থাকে কখন ছাদ ভেঙে মাথার ওপর পড়ে। গত বছর পঞ্চম শ্রেণীর এক ছাত্রের হাত ভেঙে গিয়েছিল ছাদের ভীমের অংশ ভেঙে পড়ে। সংস্কারের জন্য অনেকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। হবে হবে বলেও এখনো হয়নি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শুধু পশ্চিম চরজব্বার প্রাথমিক বিদ্যালয়ই নয়, জেলার নয়টি উপজেলায় ২১টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রয়েছে। এর মধ্যে সদরে ছয়টি, বেগমগঞ্জে দুটি, চাটখিলে দুটি, সেনবাগে একটি, কোম্পানীগঞ্জে দুটি, হাতিয়ায় দুটি, সোনাইমুড়ীতে দুটি ও কবিরহাট উপজেলায় চারটি।ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলছে মধ্যম চরবাগ্গার প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বেশির ভাগ কক্ষের দরজা-জানালা নেই। টিউবওয়েলে পানি ওঠে না। সাড়ে চার শ শিক্ষার্থীর জন্য বেঞ্চ আছে মাত্র ২৫ জোড়া। বেশি রভাগ শিক্ষার্থীকেই খালি ফ্লোরে বসে ক্লাস করতে হয়। তা ছাড়া বেশির ভাগ শিশুরই রয়েছে পুষ্টিহীনতা। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বসার কোনো বেঞ্চ নেই। ছক, ডাস্টার কেনাসহ আনুষঙ্গিক খরচের জন্য দেওয়া হয় মাসে দুই শ টাকা, যা দিয়ে চলা যায় না। শিক্ষকদের পকেট থেকে খরচ করতে হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, অধিক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকেই এগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।