'কোটি কণ্ঠে জাতীয় সংগীত'
বিজয়ের ক্ষণ ঘনিয়ে আসছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে তখনো মানুষের সারি। একজন করে ঢুকতে হচ্ছে। অনেকেই বেছে নিলেন দেয়াল টপকানোর পথ। উদ্দেশ্য, কোটি কণ্ঠে জাতীয় সংগীতে শামিল হওয়া।
গতকাল বুধবার পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ক্ষণে বিকেল ৪টা ৩১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত হয়। এতে যোগ দেন হাজারো জনতা। বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির এই আয়োজনে একই সময়ে দেশের সব এলাকায় এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সব হিসাব কষে তাঁরা আয়োজনের নাম দিয়েছেন ‘কোটি কণ্ঠে জাতীয় সংগীত’।
বেলা ১১টায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়’ স্লোগান নিয়ে জাতীয় কমিটির উদ্যোগে ‘বিজয় উৎসব’ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেন, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। কেননা, আইনের শাসন শুধু দেশের অভ্যন্তরে নিশ্চিত করলে হবে না। সারা পৃথিবীতেই আইনের শাসন থাকা দরকার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় পতাকা, বাদ্যবাজনা হাতে অনুষ্ঠানস্থলে আসেন।
বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে তিনটায় ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরের আয়োজন ছিল ‘কোটি কণ্ঠে জাতীয় সংগীত’। তারপর ‘আগামী বাংলাদেশের শপথ’ অনুষ্ঠান। সবাইকে শপথ পড়ান কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বারকাত।
পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের গান। সন্ধ্যায় আতশবাজির খেলায় ‘বিজয় সন্ধ্যা’ উদ্যাপন করা হয়। রাতে হয় ‘কনসার্ট ফর ফ্রিডম’।