'কোথায় যামু জানি না'

রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তিতে উচ্ছেদ অভিযানে ঘর হারিয়ে রাস্তার ওপরই দিন কাটছে হাশেম আলীর। ঠিকানা তো দূরের কথা, ছেলেমেয়েদের খাবারই জোগাড় করতে পারছেন না তিনি। সাহায্য পাওয়া খানিকটা গুড় আর এক প্যাকেট চিড়া হাতে আসতে না আসতেই তাঁর এক বছরের মেয়ে সুফিয়া টান দিয়ে কেড়ে নেয়। সেটা খেতেও শুরু করে অবুঝ শিশুটি।
আজ শুক্রবার সকালে পোড়া বস্তির মসজিদের সামনের সড়কের দৃশ্য এটি। যেখানে তীব্র শীতের মধ্যে দুদিন ধরে পাঁচ ছেলেমেয়ে ও স্ত্রী ফেরদৌসিকে নিয়ে ওই রাস্তায় সুফিয়ার বাবা হাশেম আলী। সঙ্গে একটি ভ্যানের ওপরে বালিশ-কাঁথা, গোটা দুয়েক বাক্স আর খাঁচায় থাকা দুটি মুরগি।
হাশেম আলী (৪০) প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় জন্ম আমার। ১৯৮৮ সালের বন্যার পর থেকে পোড়া বস্তিতে থাকতাছি। কখনো এমন অবস্থা হয় নাই। বুধবার রাতে শেষ ভাত খাই ছিলাম। পোলাপানেরাও তখন থ্যাইক্কা না-খাওয়া।’ হাশেম জানান, আগে প্রাইভেট কার চালাতেন। বাতজ্বরের কারণে পাঁচ মাস ধরে বেকার তিনি। ঘর হারিয়ে চিন্তার মাত্রা আরও বেড়ে গেছে তাঁর। তিনি বলেন, ‘ভাই-বোনদের কাছ থ্যাইক্কা সাহায্যে আমার সংসার চলত। বস্তিতে ভাড়া লাগত না। এখন ঘর ভাড়া করমু কেমনে?’

আগুন আর উচ্ছেদ আতঙ্কে বস্তির বেশির ভাগ মানুষ নতুন ঠিকানার সন্ধানে নেমে পড়েছেন। অনেকে আবার ঠিকানার সন্ধানও পেয়েছেন। এঁদেরই একজন আল আমিন। স্ত্রী ও এক ভাইকে নিয়ে চার বছর ধরে থাকতেন পোড়া বস্তিতে। ঘর ভাড়া করেছেন মধ্য পাইকপাড়া এলাকায়। তাই আজ দুপুরে মালামাল রিকশায় করে চলে যান তিনি নতুন ঠিকানায়।
যাওয়ার পথে আল আমিন বলেন, উচ্ছেদ বন্ধ হইলেও কখন যে আগুন লাগে বুঝতে পারতাছি না। তাই ভয়ে বস্তি ছাইড়া চইল্যা যাওনই ভালো। আল আমিন নতুন ঠিকানা পেলেও বিপাকে পড়েছেন বেবি বেগম। চল্লিশোর্ধ্ব এই নারী থাকতেন ৮ নম্বর পোড়া বস্তিতে। আজ সকালে আগুনের ঘটনায় তাঁর ঘরটি পুড়ে যায়। স্বামী আমিন উদ্দিন পঙ্গু, হাঁটাচলা করতে পারেন না। ঠিকানার সন্ধানও করতে পারছেন না বেবি বেগম। তিনি বলেন, সকালে লাল ফিতা মাথায় দিয়া পাঁচ-ছয় জন পোলাপাল আমার ঘরে আগুন দেয়। ঘর পুড়ছে। অহন আমি স্বামীরে নিয়ে কোথায় যামু জানি না?’
আরও পড়ুন: