'কোনো দেশের নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, শুধু পাকিস্তান নয় মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো দেশের নেতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের ১৬ কোটি মানুষ মেনে নেবে না।
পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে সরকারের তীব্র প্রতিবাদের পর আজ বিকেলে তিনি তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, কোনো একটি ঘটনা দুই দেশের সম্পর্ক ছিন্ন করা কিংবা পুনঃপ্রতিষ্ঠার মানদণ্ড হতে পারে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবার কোনো দেশ ও সংস্থা মানবতাবিরোধী বিচারের রায়ে ফাঁসি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। এমন এক সময়ে পাকিস্তানের মন্তব্য সরকারকে হতাশ করেছে। পাকিস্তান অযথা প্রতিক্রিয়া জানিয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।
পাকিস্তানের হাইকমিশনারকে তলব করা নিয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করায় তাঁকে (সুজা আলম) ডেকে আমাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। তিনি নিশ্চয় তাঁর দেশের সরকারের কাছে আমাদের অবস্থান তুলে ধরবেন।
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর গতকাল রোববার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ডের ঘটনা লক্ষ করেছি। ঘটনায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট।’ এতে বলা হয়, ‘বাংলাদেশে ১৯৭১-এর ঘটনাবলি (মহান মুক্তিযুদ্ধ) নিয়ে ত্রুটিপূর্ণ বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ করছি, তা আগের মতো আবার গুরুত্ব দিচ্ছি।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল বলেন, ১৯৭১ সালে কেউ পাকিস্তানের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করার এখনই উপযুক্ত সময়। এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানায় পাকিস্তানের জিয়ো টেলিভিশন। মুজাহিদের মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান জামায়াত-ই-ইসলামির সিরাজুল হক বলেন, পাকিস্তানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করার কারণেই মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে।