'কোন্দলে জড়ালে কঠোর ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভেদ ভুলে বান্দরবান জেলা বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। নেতাদের কেউ দলীয় কোন্দলে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার বান্দরবানে আয়োজিত প্রতিনিধি সভায় দলের কেন্দ্রীয় নেতারা এ আহ্বান ও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা শহরের জাদিপাড়ার একটি হোটেল মিলনায়তনে গতকাল বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন দলের উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিং মারমা, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, হারুনুর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, জেলা বিএনপির সহসভাপতি ওসমান গণি, আবদুল কুদ্দুস প্রমুখ।
সভায় জেরি-আজিজ পক্ষ (জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান) এবং মাম্যাচিং-জাবেদ (দলের উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিং ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাবেদ রেজা) পক্ষের প্রতিনিধিদের ডাকা হয়। সভায় উপস্থিত একটি সূত্র জানায়, দলীয় কোন্দল সৃষ্টির জন্য কেন্দ্রীয় নেতাদের সামনেই এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করেন।
সভা শেষে জেরি-আজিজ পক্ষের প্রতিনিধি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ প্রথম আলোকে বলেন, দলীয় কোন্দল অবসানের জন্য দ্রুত জেলা সম্মেলনের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচন করার কথা বলেছেন।
অপরদিকে মাম্যাচিং-জাবেদ পক্ষের প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বলেন, ২০০৮ সালে গঠিত কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার কথা বলেছেন তাঁরা।
সভা শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুই পক্ষকে এক জায়গায় নিয়ে আসতে পারাটাই প্রতিনিধি সভার সাফল্য। দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সবকিছু দলীয় সভানেত্রীকে জানানো হবে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এখন থেকে দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে বলা হয়ছে। কেউ দলের ঐক্যের ভাঙন ধরালে এবং কোন্দল সৃষ্টি করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দুই পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, বোমাং রাজপরিবারের মামি-ভাগনেকে কেন্দ্র করে ১৯৯০-এর দশক থেকে বান্দরবান জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষে রয়েছেন মাম্যাচিং (মামি) ও অন্য পক্ষে রয়েছেন সাচিংপ্রু জেরি (ভাগনে)।