'কোন-বা পথে নিতাইগঞ্জ যাই'

‘কোনবা পথে নিতাইগঞ্জ যাই’ বলে একটি জনপ্রিয় লোকগান আছে। তবে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ যাওয়ার পথ খুব সোজা। শহরের চাষাঢ়া মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক ধরে নাক বরাবর দক্ষিণে গেলেই শেষ মাথায় নিতাইগঞ্জ বাজার। নিতাইগঞ্জের ব্যবসায়ীদের দাবি, দিনে ট্রাকের প্রবেশ বন্ধ করায় প্রায় ৩০০ বছরের পুরোনো এই পাইকারি বাজারের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।
আর নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের নেতারা বলছেন, শহরে যানজটে জনদুর্ভোগ কমাতে দিনের বেলা ওই ব্যস্ত এলাকায় ট্রাক প্রবেশ বন্ধ রাখতে হবে। জনস্বার্থকেই প্রাধান্য দিতে হবে।
৩ নভেম্বর সন্ধ্যার পর থেকে রাত প্রায় নয়টা অবদি ঘুরে দেখা গেল সেখানে প্রায় নিরিবিলি পরিবেশ। বাজারের ভেতরে মহাজনদের গদিঘরগুলো প্রায় ক্রেতাশূন্য। কর্মচারীরা কিছুটা অলস সময় কাটাচ্ছেন। হাতে গোনা কয়েকটি ট্রাক পথের পাশে দাঁড়ানো। মজুরেরা তাতে মালামাল তুলছেন। পথের পাশের আটা-ময়দা, ডাল, তেলের কারখানাগুলোর দু-একটি ছাড়া প্রায় সবগুলোই বন্ধ। বাতাসে তেল, খৈল, ভুসির ঘ্রাণ। পথে সড়কবাতিও নেই। মহাজনি আড়তগুলোর ভেতর থেকে আসা আলোয় পথ চলতে হয়।
নয় রকমের পণ্যের পাইকারি বাজার নিতাইগঞ্জ। চাল, গম, আটা, ময়দা, ডাল, লবণ, তেল, চিনি ও ভুসিমাল। এই নয় পণ্যের আলাদা মালিক সমিতি আছে। সমিতিগুলোর ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রবীণ ব্যবসায়ী মো. জসিম উদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, প্রতিদিন এই বাজারে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু প্রায় ৭০ ভাগ লেনদেন কমে গেছে। এই বাজার এখন মৃত্যুপথযাত্রী।
ব্যবসায়ীরা বলছেন, এখানে ১০০-এর বেশি চালের আড়ত, ৫০টি গমের আড়ত, ডালের ১০০টি, লবণের ৫০টি, তেল-চিনির প্রায় ৪০০টি, ময়দার ৬৮টি, ভুসিমালের ১ হাজার ২০০ বড় আড়ত আছে। এ ছাড়া ছোট গদিও আছে অনেক। কারখানা আছে ৩০০-এর ওপরে। এসব আড়ত ও কারখানায় কাজ করেন প্রায় ১০ হাজার শ্রমিক। এই পাইকারি বাজার গড়ে ওঠার সময় নারায়ণগঞ্জ শহর এত জনাকীর্ণ ছিল না। ফলে নৌবন্দর থেকে মালামাল ট্রাকে এই বাজারে আনা হতো। আর দেশের বিভিন্ন এলাকার মহাজনেরা এখান থেকে মালামাল কিনে ট্রাকে তাঁদের নিজ নিজ এলাকায় নিয়ে যেতেন।
এখন নারায়ণগঞ্জ শহরে এমনিতেই সারা দিন ভয়ানক যানজট লেগে থাকে। যানজট ঠেকাতে গত জুন মাস থেকে দিনের বেলায় নিতাইগঞ্জ বাজারে ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
গম-চালের আড়ত ফারিহা ট্রেডার্সের ব্যবসায়ী মো. ইব্রাহিম বলেন, যানজটের সমস্যা সমাধান করতে গিয়ে নারায়ণগঞ্জের এই প্রাচীন ও বৃহৎ ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে মহাজনেরা মালামাল কিনতে আসেন। যাঁদের পুঁজি কম, তাঁরা দুই-তিনজন মিলে বিভিন্ন আড়ত ঘুরে ঘুরে নয় রকমের পণ্য কিনে একটি ট্রাক ভাড়া করে তাঁদের এলাকায় নিয়ে যান। এ ধরনের ব্যবসায়ীর সংখ্যাই বেশি। তাঁরা রাতের বেলায় নগদ টাকা নিয়ে লেনদেন করতে নিরাপত্তার অভাব বোধ করেন। আবার রাতে ট্রাকে মালামাল তোলার মতো শ্রমিকও পাওয়া যায় না। আর একটি চালু ব্যবসার ধরন বদলাতে গেলে তার জন্য সময়ও প্রয়োজন। সেই সময় না দিয়ে হুট করে দিনে ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়ায় ব্যবসা মার খেয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ সেলিম ওসমান প্রথম আলোকে বলেন, দিনের বেলা ট্রাকে মালামাল ওঠানো-নামানোর ফলে তীব্র যানজট হচ্ছিল। সিটি মেয়র অনুরোধ করায় নিতাইগঞ্জের সড়কটি ট্রাকমুক্ত করা হয়েছে। লেনদেন একেবারে যেন বন্ধ না হয়, সে জন্য ৩০টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। একটা সময় পোশাক কারখানার মালামাল দিনে ওঠানো-নামানো হতো। এখন হয় রাতে। নিতাইগঞ্জের ব্যবসায়ীদেরও রাতে লেনদেনের অভ্যাস গড়ে তুলতে হবে।
দিনে ৩০টি ট্রাক নিতাইগঞ্জে প্রবেশ করতে দেওয়া হলেও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান জয়কালী ভান্ডারের মহাজন সুজিত সহা। তিনি বলেন, ট্রাকচালকদের পঞ্চবটি এলাকা থেকে টোকেন নিতে হয়। টোকেনের জন্য লম্বা লাইন দেওয়ায় ট্রাকচালকেরা নিতাইগঞ্জে আসতে আগ্রহী হন না।
দাউদকান্দি এলাকায় এই একই রকম পণ্যের অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মালামাল পরিবহনের অসুবিধার কারণে নিতাইগঞ্জের ক্রেতারা সেখানে চলে যাচ্ছেন বলে জানালেন জি এস এজেন্সির ব্যবসায়ী শামিম আহমেদ।
সমস্যার সমাধান হিসেবে নিতাইগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, বাজারের পাশেই রেলওয়ের একটি জায়গা আছে। সেখানে ট্রাক রাখার ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি দিনের বেলায় প্রধান সড়কের দুই পাশে এক সারি করে ট্রাক রাখার অনুমতি দেওয়া হোক। কোনো বিশৃঙ্খলা যেন না হয়, বা কেউ যেন একাধিক লাইন করতে না পারে সে জন্য তাঁরা নিজেদের অর্থায়নে কমিউনিটি পুলিশ নিয়োগ করে তদারকির ব্যবস্থা করবেন।
ব্যবসায়ীদের অভিযোগ ঠিক নয় বলে জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি প্রথম আলোকে বলেন, বোটখাল এলাকার ৫০ ফুট রাস্তা মালামাল ওঠানো-নামানোর জন্য দেওয়া হয়েছে। পঞ্চবটিতে একটি ট্রাকস্ট্যান্ড করে দেওয়া হয়েছে। সেখানে মালিক, শ্রমিকদের বসা ও আধুনিক টয়লেটের সুবিধা রয়েছে। আরও কিছু যদি প্রয়োজন হয়, তবে তা-ও করে দেওয়া হবে। সারা দেশে রাতে মালামাল ওঠানো-নামানো হচ্ছে, এখানে হবে না কেন। এ নিয়ে কোনো অজুহাত চলবে না।