‘কোচিং’-এর আড়ালে পলিথিন কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার ফটকে দুটো কোচিং সেন্টারের সাইনবোর্ড সাঁটানো। প্রধান ফটক পার হতেই চার কক্ষবিশিষ্ট একটি ঘর। ঘরটি তালাবদ্ধ। এই ঘরের ভেতরেই নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা। কোচিং সেন্টারের সাইনবোর্ড দেখে চট করে কারও বোঝার উপায় নেই এখানে একটি কারখানা আছে। অথচ এখানে তৈরি করা পলিথিন ব্যাগই সিলেট নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের আড়ালে চলছে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবসা। পরিবেশ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) যৌথভাবে অভিযান চালিয়ে সিলেট নগরের হাওয়াপাড়ায় দিশারী আবাসিক এলাকার একটি বাড়িতে পলিথিন ব্যাগ তৈরির ওই কারখানার সন্ধান পায়। তারা গত রোববার রাত নয়টার দিকে এ অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিন ব্যাগ তৈরির উপকরণসহ যন্ত্রপাতি উদ্ধার করে ওই কারখানা সিলগালা করে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের হাট-বাজারগুলোতে ইদানীং পলিথিনের ছড়াছড়ি দেখে উেসর সন্ধান করতে গিয়ে র্যাবের বিশেষ দল এ কারখানার সন্ধান পায়। হাওয়াপাড়ার দিশারী আবাসিক এলাকার ১০৬ নম্বর বাড়ির ফটকে ‘রেটিনা’ ও ‘কর্ণিয়া’ নামের দুটো কোচিং সেন্টারের সাইনবোর্ড ঝুলানো ছিল। বাইরে কিংবা আশপাশের মানুষ ধারণা করতে পারেননি যে ওই বাড়িতে একটি পলিথিন ব্যাগ তৈরির কারখানা আছে। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সর্দার শরিফুল ইসলাম জানান, গোপন সূত্রের খবর পেয়ে দিশারী এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ১০ বস্তা পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ তৈরির ২৭ বস্তা উপকরণসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। তিনি এই ঘটনায় বাড়ির মালিক জুনেদ আহমেদ চৌধুরী ও ভাড়াটিয়া আমিরুল ইসলামের বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে মামলা করেছেন। র্যাব-৯ সূত্রে জানা গেছে, ১০৬ নম্বর বাসাটি ভাড়া নিয়েছিলেন আমিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। র্যাব তাঁর নাম-ঠিকানা উদ্ধার করে তাঁকে আটক করার চেষ্টা করছে।