সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট দায়েরকারী আইনজীবী মো. একলাছ উদ্দিন ভূইয়া বলেছেন, দেশের প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও শিক্ষিতের হার বিবেচনায় কোটাপদ্ধতি বৈষম্যমূলক এবং তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। প্রথম আলো ফেসবুকে এ বিষয়ে পাঠকদের মতামত চাওয়া হয়েছিল।
বিপুলসংখ্যক পাঠক তাঁদের মতামত জানান। তিন ঘণ্টায় প্রায় দুই হাজার মন্তব্য আসে। সিংহভাগ পাঠক কোটাপদ্ধতির বিরুদ্ধে মতামত জানান। অনেকে কোটা রাখার পক্ষে অবস্থান নিলেও কোটার শতকরা হার কমানোর যৌক্তিকতা তুলে ধরেন।

সুকন্যা বণিক লিখেছেন, ‘প্রতিবন্ধীদের জন্য একটা কোটা রেখে আর সব কোটা বাদ দিলে ভালো হবে। আমাদের দাদারা যুদ্ধ করেনি বলে কি আমরা চাকরি করব না?’ মাসুদ আলম লিখেছেন, ‘কোটা সরাসরি বৈষম্য তৈরি করে।’
কোটা পদ্ধতি মেধাবীদের সুযোগ সংকুচিত করে—এমনটাই মনে করেন মুহিত আহমেদ জামিল। তিনি লিখেছেন, ‘মেধাবী আর যোগ্যদের চাকরিক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোটাপদ্ধতিই মনে হয় সবচেয়ে বড় অন্তরায়। উন্নত দেশগুলোর দিকে তাকান, সেখানে তো কোনো কোটা ব্যবস্থা নাই। যোগ্যতা আর দক্ষতাই চাকরি পাওয়ার মাপকাঠি হওয়া উচিত।’

কোটা থাকলেও সেটি সংকুচিত করা উচিত বলে মন্তব্য করেছেন আবদুল হাকিম তপু। সালাহ উদ্দিন সবুজ লিখেছেন, ‘সবচেয়ে মারাত্মক বিষয় হলো কোটা তো পূরণই হচ্ছে না, আবার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা থেকে তা পূরণও করা হচ্ছে না।’
সাব্বির আহমেদ লিখেছেন, ‘প্রতিবন্ধী ও আহত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি কোটা রেখে অন্য সব ধরনের কোটাপদ্ধতি বাতিল করা উচিত।’
কোটা রেখেই তার হার কমানোর পক্ষে ড. ফারজানা ঝুমি। তিনি লিখেছেন, ‘কোটা পদ্ধতি অবশ্যই বৈষম্যমূলক। শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে। মেধা, যোগ্যতার দাম না দিলে জাতির উন্নয়ন কীভাবে হবে? আর এটাও ঠিক মুক্তিযোদ্ধা আর অনগ্রসরদের ও সুযোগ দিতে হবে। তবে অবশ্যই কোটাটা যেন সহনীয় মাত্রায় থাকে।’
প্রচলিত কোটাপদ্ধতি নয় বরং এর পুনর্বিন্যাসের কথা লিখেছেন শুভা ঘোষ। তাঁর কথা, ‘কোটা পদ্ধতির সুবিধা তাদেরই পাওয়া উচিত যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে।’ বিপ্লব শর্মা লিখেছেন, ‘৫৬% কোটা সংবিধান ও জীবনের সঙ্গে সাংঘর্ষিক ছাড়া আর কী হতে পারে? মানুষের পায়ের নিচে মাটি নেই। কোটার কৌটায় বন্দী হয়ে গেছে দেশের শিক্ষিত বেকার।’
কোটা পদ্ধতিকে ভিন্নভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন ইয়াসিন আরাফাত ইমন। তিনি লিখেছেন, ‘সরকারের কাছে আকুল আবেদন, এই বৈষম্য দূর করেন। আর যদি কোটা রাখেন, তাহলে ওই কোটা এমনভাবে ব্যবহার করার রুল জারি করেন, যেন জীবনে কোন এক জায়গায় শুধু একবার কোটা ব্যবহার করতে পারে। যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে কিংবা চাকরির ক্ষেত্রে। তাহলে বৈষম্য দূর হবে বলে মনে করি।’