'কোটি প্রাণে প্রথম আলো' উদ্যাপন ভৈরব বন্ধুসভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রথম আলোর অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি নানা আয়োজনে উদ্‌যাপন করেছে ভৈরব বন্ধুসভা। গতকাল শুক্রবার বিকেলে পাঠক, শুভানুধ্যায়ী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি হয় স্থানীয় দ্য ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটস মিলনায়তনে।

কেক কেটে আনন্দ আয়োজনের শুভসূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। এরপর ফেসবুক অনুসারীদের জন্য দেওয়া প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বক্তব্য বড় পর্দায় দেখানো হয়।

মূল আয়োজন শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরবসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন ও গাইবান্ধা বন্ধুসভার সদস্য হুমায়ুন কবিরের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পুরো আয়োজনটি উৎসর্গ করা হয় মোয়াজ্জেমকে।

কোটি প্রাণে পৌঁছে যাওয়ায় প্রথম আলোকে শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে শুভানুধ্যায়ীরা বলেন, এই অর্জন শুধু প্রথম আলোর নয়, বাংলাদেশের সবার। বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশ্বমাধ্যমে নন্দিত করেছে কাগজটি। প্রথম আলোর এই অর্জন থেকে দেশ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেতে পারে।

আলোচকেরা বলেন, প্রথম আলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। এ কথা সত্য যে অনেক সময় প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিযোগ হয় না। কারণ, পাঠকের কাছে এটি শুধু নিছক সংবাদপত্র নয়, সামাজিক দায়িত্ববোধ পূরণের অন্যতম একটি প্ল্যাটফর্মও। তাই প্রত্যাশা পূরণে আরও উদ্যোগী, সাহসী ও যত্নশীল হওয়ার আহ্বান ছিল আলোচকদের কাছ থেকে।