‘কোটিপতি’ সেই চোর বিল্লাল আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বাসার গ্যারেজে গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় সেই ‘কোটিপতি’ চোর বিল্লালসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি এবং চুরি যাওয়া মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা অন্যরা হলেন, বিল্লালের গাড়িচালক মো. জাকারিয়া ইসলাম ওরফে মাসুদ (৩৬) ও সুমন (১৮)।পুলিশ সূত্র জানায়, বিল্লাল গাড়িচোর চক্রের প্রধান। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা আছে। ঢাকায় বসে তিনি দামি গাড়ির যন্ত্রাংশ চুরির নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ‘কোটিপতি’ চোর হিসেবে পরিচিত। এর আগে গত এপ্রিলে বিল্লালকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। মাস দেড়েক আগে তিনি জামিনে মুক্তি পান। তাঁকে নিয়ে প্রথম আলোয় গত এপ্রিলে ‘গাড়িচোর চক্রের প্রধান বিল্লাল, ২০০ কোটি টাকার মালিক না হওয়া পর্যন্ত চুরি চালিয়ে যাব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গত ২৯ ডিসেম্বর রাতে সাংসদ মোশাররফের চট্টগ্রাম নগরের নন্দনকাননের বাড়ির গ্যারেজে থাকা একটি গাড়ির যন্ত্রাংশ চুরি করে একদল চোর। তারা বাড়ির একটি ফ্ল্যাট থেকে সাতটি মুঠোফোনও চুরি করে। পুলিশ সূত্র জানায়, চুরি যাওয়া মুঠোফোনের সূত্র ধরে পুলিশ গত শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে বিল্লাল ও তাঁর গাড়িচালক জাকারিয়াকে গ্রেপ্তার করে। পরে রোববার গ্রেপ্তার করা হয় সুমনকে (১৮)। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘বিল্লাল দেশের গাড়িচোর চক্রের অন্যতম প্রধান। তাঁর বাহিনীর ছয়জন নন্দনকাননে সাংসদ মোশাররফের বাড়ির গ্যারেজে দামি গাড়ির যন্ত্রাংশ চুরি করে। বাড়ির ফটক খোলা দেখে ওই দলের কয়েকজন ফ্ল্যাটে ঢুকে চুরি করে।’ বিল্লাল প্রথম আলোকে বলেন, ‘আমি আগে দামি যন্ত্রাংশ চুরি করতাম। এখন চোরাই যন্ত্রাংশ কেনাবেচা করি। যেকোনো দামি গাড়ির যন্ত্রাংশ খুলতে আমার পাঁচ-সাত মিনিট লাগে। এসব করি বলে সন্তানেরা আমাকে পছন্দ করে না।’কোতোয়ালি থানার এসআই সদীপ কুমার দাশ ও মো. নেজাম উদ্দিন এ তিজনকে গ্রেপ্তার করতে অভিযান চালান।