‘এমপি হওয়ার পর একটা জায়গা খুঁজে পেলাম না, যেখানে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। আমরা মাইকে বলি এক কথা, করি অন্যটা। কোথাও কোনো সিস্টেম নেই। এভাবে দেশ চলতে পারে না।’গতকাল সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগের সাংসদ নাছিমুল আলম চৌধুরী এসব কথা বলেন।বার্ডের ড. আখতার হামিদ খান মিলনায়তনে আয়োজিত সেমিনারে সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘আমি অভিজ্ঞতা থেকে বলছি, ভালো থানার সংজ্ঞা হলো যেখানে ঘুষ বেশি। এক থানার ওসি পদে আসতে চান পাঁচজন। রাজনীতি না করলে আমি এত অভিজ্ঞতা পেতাম না। তাই সবাইকে একটু একটু রাজনীতি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানিরা গেছে, একটা মসিবত গেছে। এখন দুর্নীতি গেলে আরেকটা মসিবত যাবে। দেশের এ অবস্থা নিয়ে মনে অনেক কষ্ট পাচ্ছি ইদানীং; তাই বলি, আমাদের অনেস্টি (সততা) আজ প্রশ্নবিদ্ধ।’ সাংসদ বলেন, ‘চেষ্টা করেও মাদক বন্ধ করতে পারছি না। পুলিশ দিয়ে বন্ধ করলে বিজিবি ধরে না। বিজিবি ধরলে পুলিশ ধরে না।’ সেমিনারে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেমসহ বার্ড ও এর বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তারা।