‘আট বছর গেছে মামলার তদন্তে। এরপর বিচার শুরু হয়েছে ঠিক, কিন্তু সাক্ষীরা হাজির হন না। আমরা তো এ দেশের নাগরিক। কোথায়, কার কাছে গেলে বিচার পাব? এখন আর কেউ এই মামলার খবরও রাখে না’—আক্ষেপ করেই এসব কথা বলছিলেন চট্টগ্রামের বাঁশখালীর সংখ্যালঘু একটি পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার বাদী বিমল শীল।
গতকাল বৃহস্পতিবার সকালে বিমল শীলের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আলোচিত এ মামলা নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি), স্থানীয় সাংসদসহ প্রভাবশালী লোকজনকে বিভিন্ন সময় অনুরোধ করেছেন তিনি। কিন্তু কাজ হয়নি।
আদালত সূত্র জানায়, সাত মাস ধরে এই মামলার সাতটি ধার্য দিনে একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। গতকালও তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। সর্বশেষ গত ৬ এপ্রিল এই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছিল। এরপর থেকে মাসের পর মাস শুধু মামলাটির তারিখ পড়ছে। ৫৭ সাক্ষীর মধ্যে মাত্র ১২ জনের সাক্ষ্য হয়েছে। আর ৩৮ জন আসামির মধ্যে জামিনে আছেন ১৬ জন। পলাতক ২২ জন।
আজ শুক্রবার বীভৎস ওই হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হচ্ছে। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।
সেদিন বাড়িতে না থাকায় বেঁচে যান তেজেন্দ্র লাল শীলের পরিবারের একমাত্র সদস্য বিমল শীল। তেজেন্দ্র লাল তাঁর বাবা। পরে তিনি বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। বীভৎস এই হত্যাকাণ্ডের জন্য তিনি স্থানীয় বিএনপির নেতা ও সাধনপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আমিনুর রহমানকে দায়ী করেন। তাঁর অভিযোগ, সম্পত্তি দখলের উদ্দেশ্যে আমিনুর রহমানের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমিনুর রহমান জামিনে গিয়ে এখন পলাতক রয়েছেন বলে সরকারি কৌঁসুলি জানান।
পুলিশ এ মামলায় প্রথমে যে অভিযোগপত্র দেয়, তাতে আমিনুর রহমানের নাম বাদ দেওয়া হয়। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ আট বছর পর ২০১১ সালের ৯ জানুয়ারি আমিন চেয়ারম্যানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে জাকির নামের এক আসামির নাম রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পরের মাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর মধ্যে পুলিশ সাক্ষী ১৭ জন। তাঁদের একজনও সাক্ষ্য দেননি।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) থাকাকালীন সময় আদালতে এ মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা হ্লা চিং প্রু। তিনি মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। বর্তমানে তিনি আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্পেশাল ট্রেনিং সেন্টার, মধুপুর খাগড়াছড়িতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত। কেন সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন না জানতে চাইলে গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ১১ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তিনি এখন পর্যন্ত কোনো সমন পাননি। সমন পেলে অবশ্যই সাক্ষ্য দিতে হাজির হবেন বলে জানান।
বারবার বলা হলেও সাক্ষীদের পুলিশ হাজির করাতে পারছে না বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায়ও এই মামলার সাক্ষীদের হাজির করতে বলা হয়েছে। তারপরও কাজ হচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, সাক্ষীদের অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে। এ কারণে অনেককে পাওয়া যাচ্ছে না। পুলিশ সাক্ষীসহ সংশ্লিষ্টদের হাজির করতে সংশ্লিষ্ট থানার ওসিদের জোর তাগিদ দেওয়া হয়েছে।
একটি সংখ্যালঘু পরিবারের সব সদস্যকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বিচার বিলম্বিত হওয়ায় এ ধরনের অপরাধ বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম জেলার সম্পাদক আইনজীবী আখতার কবির চৌধুরী। তিনি বলেন, বিচারে দেরি হলে অপরাধীরা উৎসাহিত হয়। আলোচিত এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।