‘কোথায় থামতে হবে তা জানতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক। তিনি বলেন, ‘কলম থাকলেই যা ইচ্ছে তা লিখতে পারেন না। সাংবাদিকদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। তাই কোথায় থামতে হবে, তা সাংবাদিকদের জানতে হবে।’গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ঢাকাস্থ ফেনী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার’ নবনির্বাচিত কমিটির সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ফেনী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ফেরদৌস আহমদ কোরেশী, ইকবাল সোবহান চৌধুরী, এরশাদ মজুমদার, সাবেক সচিব গোলাম রহমান ও মহিউদ্দিন আহমেদ, ইত্তেফাক-এর মফস্বল সম্পাদক মীর মোস্তাফিজ আহমদ, সংবাদ-এর বার্তা সম্পাদক কাজী রফিক, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক লোটন একরাম প্রমুখ।