'কোথায় হে দয়াল কান্ডারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় গতকাল শুরু হওয়া লালন স্মরণোৎসবে মাজার চত্বরে গান করেন এক বাউল l প্রথম আলো
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় গতকাল শুরু হওয়া লালন স্মরণোৎসবে মাজার চত্বরে গান করেন এক বাউল l প্রথম আলো

শুক্রবার রাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। তাতে মাজার চত্বরে আসা সাধুদের মনে সংশয় জাগে, এবার হয়তো দূরের কেউ-ই স্মরণোৎসবে আসতে পারবেন না। শনিবার বিকেলের বৃষ্টিতে সেই সংশয় আরও বেড়ে যায়।
ভেজা মনে তাই মাজার চত্বরের এক কোণে বসে ভাবছিলেন সিরাজগঞ্জ থেকে আসা ফকির হবিবর শাহ। কথা প্রসঙ্গে বললেন, সাঁইজি সব দেখছেন। তাঁর অমৃত বাণীর সন্ধানে শিষ্যরা ঠিকই জড়ো হবেন। ঠিক তা-ই যেন হলো, সন্ধ্যা লাগার সঙ্গে সাধুদের সমাগম বাড়তে থাকে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে লালন একাডেমির আয়োজনে ছেঁউড়িয়ার মাজার চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। খুলনা বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন মূল মঞ্চে এর উদ্বোধন করেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা আলোচনায় অংশ নেন।
তবে এর বাইরে মাজার চত্বর ঘিরে থাকা সাধুদের কার্যাদি একটু আলাদা। মাজার চত্বরে যখনই যে সাধু ভক্ত আসছেন, তিনি ভক্তি-শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর সাঁইজিকে। তাঁদের বিশ্বাস, সাঁইজির মৃত্যু ঘটেনি। তিনি কেবল লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।
সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে নিজ নিজ আসনে বসে যান সাধু গুরুরা। তাঁদের ঘিরে ভক্ত ও শিষ্যরা। চাল-জল মুখে দিয়ে অধিবাস শুরু করেন। দিন ডাকার মধ্য দিয়ে সুর-তালে সবাই প্রভুকে স্মরণ করেন। গেয়ে ওঠেন ‘কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় রইলে হে দয়াল কান্ডারি’। যে প্রভুর আরাধনায় আগামী ২৪ ঘণ্টা (অষ্টপ্রহর) মত্ত থাকবে, তাঁকে ডাকা হয় এই গানের মধ্য দিয়ে।
প্রথম দিনের আয়োজনে মাজারে মানুষের সমাগম একটু কম ছিল। কারণ হিসেবে সাধুরা বললেন, বৃষ্টিই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, এই সময়টায় গ্রামের মানুষ সংসারে ও মাঠে একটু বেশি কাজ করে থাকেন। তবে নাম প্রকাশে অনচ্ছিুক এক সাধু জানালেন, এবার প্রশাসন খুবই কঠোর অবস্থানে আছে। সে জন্য হয়তো দর্শনার্থীর সমাগম কম হচ্ছে।
মাজার চত্বরে কঠোর নিরাপত্তাও দেখা গেল। প্রতিটি প্রবেশমুখে নিরাপত্তা দরজা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যাও অন্যান্যবারের তুলনায় বেশি। মাজারে ও মেলার প্রবেশমুখে পুলিশের কঠোর নজর। সাধু বাউলদের পুঁটলি খুলে পরীক্ষা করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আছে ওয়াচ টাওয়ার ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা।
জানতে চাইলে সদ্য যোগ দেওয়া কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নাই। যখন যেখানে যতটুকু প্রয়োজন, সেভাবেই নিরাপত্তা নেওয়া হয়েছে।’
সন্ধ্যায় লালন একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে চলে লালন একাডেমির শিল্পীদের গান। মাজার-সংলগ্ন বিশাল মাঠে মেলায় হরেক রকম পসরা নিয়ে বসেছেন দোকানিরা।