'কোন দিন যে হরতাল অবরোধ শেষ অইব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন দিন যে এইসব হরতাল-অবরোধ শেষ অইব। এক্কানা শান্তিতে দোয়ান লই বইতাম হারুম। আইজ এক সপ্তা ধরি কোনো আয়-রুজি নাই। সাপ্তা গুইরতেই কিস্তি; আছে বউ, হোলাহাইন। কেন্নে দিন যাইব, চিন্তায় ঘুম আইয়ে না।’ কথাগুলো নোয়াখালী শহরের ফুটপাতের ব্যবসায়ী জসিম উদ্দিনের। বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির কারণে শুধু জসিম উদ্দিন নন, ছোট-বড় সব ব্যবসায়ীর মুখেই এখন এ ধরনের কথা। কারণ, অবরোধ কর্মসূচির সময় নোয়াখালীতে দোকানপাটও খুলতে পারেন না ব্যবসায়ীরা।
বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচিতে অচল হয়ে গেছে গোটা নোয়াখালী। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন শাখা সড়কও থাকে অবরোধকারীদের দখলে। পথে পথে ব্যারিকেড ও বাধার কারণে সাইকেল, রিকশাও চলাচল করতে পারে না। ফলে শহরে মানুষের সমাগম থাকে না বললেই চলে। এতে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ছোট-বড় সব ব্যবসায়ীর মাঝেই বিরাজ করছে হতাশা।
ব্যবসায়ী নেয়ামত উল্লাহ বলেন, ‘টানা পাঁচ দিন পর আজ (গতকাল) বিকেলে দোকান খুলেছি। শুনছি, আগামী সপ্তাহেও আবার তিন দিনের অবরোধ। এভাবে চলতে থাকলে আর উপায় নেই। পুঁজিও আস্তে আস্তে খরচ হয়ে যাবে।’ তিনি বলেন, যানবাহন না চললে দোকান খুলেও লাভ নেই। কারণ, মানুষ শহরে উঠতে পারে না।
অটোরিকশার চালক আবদুর রহিম বলেন, ‘টানা পাঁচ দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারিনি। ধারদেনা করে ঋণের কিস্তির টাকা পরিশোধ আর বাজারখরচ করেছি। মাঝখানে এক দিন পর আবার অবরোধ। এতে দায়দেনা বাড়ার সঙ্গে সঙ্গে কষ্টও আরও বেড়ে চলছে।’
শহর ১৮-দলীয় জোটের নেতা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের প্রথম আলোকে বলেন, ‘অবরোধে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়নি। অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে লোকসমাগম কম হওয়ায় বেশির ভাগ ব্যবসায়ী এমনিতেই তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন।’