'কোন শ্রেণিতে গেলে বিদ্যুৎ পাব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোদাগাড়ী রাজশাহীর প্রথম পৌরসভা। এটা ক-শ্রেণির পৌরসভা। তারপরও বিদ্যুৎ নেই। রাস্তাঘাট সব পাকা হয়নি। বর্ষাকালে এলাকায় হাঁটুপানি হয়ে যায়। ভোটের আগে সবাই আসে, প্রতিশ্রুতি দেয়, ভোট পার হয়ে গেলে আর দেখা পাওয়া যায় না। অনেক আবেদন-নিবেদন করেও কাজ হয় না। ক-শ্রেণির পর আর কোন শ্রেণিতে উন্নীত হলে আমরা বিদ্যুৎ পাব?’ আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলতে গেলে গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শওকত আলী এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শওকত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌর এলাকায় বসবাস করে বাড়তি কর দিই। কিন্তু বাড়তি কোনো সুযোগ-সুবিধাই আমরা পাই না।’ শুধু শওকত আলীই নন, তাঁর মতো অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন পৌর এলাকার উন্নয়ন-বঞ্চনা নিয়ে।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে এই পৌরসভা। বর্তমান ভোটার ২৬ হাজার ৯১৬ জন। আর জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ২০০২ সালে পৌরসভাটি ক-শ্রেণিতে উন্নীত হয়। পৌর এলাকার কোথাও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা নেই। পৌরসভার প্রধান প্রধান এলাকায় সড়কবাতি লাগানো হয়েছে। সব এলাকায় এখনো সড়কবাতি হয়নি। পৌরসভার সব রাস্তা পাকা হয়নি। পৌর এলাকার অনেক ওয়ার্ডেই এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। নেই পয়োনিষ্কাশন ব্যবস্থা।
কথা হয় ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর মহল্লার বাসিন্দা সুরাইয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা পৌরসভায় বাস করছি। অথচ বিদ্যুৎ নাই। পাকা রাস্তা নাই। এসব বুলতেই আছি। কিন্তু দিছে না। ভোটের সময় দুই-একজন আসে। ভোটের পর কেউ আসে না। দিব কইয়াই ১০-১৫ বছর চলে গেল।’ একই মহল্লার নটরী খাতুন বলেন, ‘বৃষ্টি আসলেই মাজা (কোমর) সমান পানি হয়। বৃষ্টির পানি নামার জন্য কোনো ড্রেন নাই।’
জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র আমিনুল ইসলাম বলেন, যেসব এলাকা নতুন সম্প্রসারণ হয়েছে, সেখানে রাস্তা-বিদ্যুৎ হয়নি। তবে এগুলো ধীরে ধীরে হবে। পয়োনিষ্কাশন ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থা নেই কেন জানতে চাইলে তিনি বলেন, জাইকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। একনেকে অনুমোদন পেলে পদ্মা নদী থেকে পানি তুলে বিশুদ্ধ করে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। পয়োনিষ্কাশন ব্যবস্থাও গড়ে উঠবে ওই একই প্রকল্পের মাধ্যমে।