শিবগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে নিহত
'কোনঠে গেল্যা জি আব্বা এখন থ্যাক্যা আব্বা কাকে কোহবো?'

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। তরিকুল ইসলামের স্ত্রী নারগিস বেগম বাদী হয়ে প্রতিবেশী মনিরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে গ্রামের গোরস্তানে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বেলা আড়াইটার দিকে লাশ বাড়িতে নিয়ে এলে স্ত্রী, সন্তানসহ আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তরিকুলের ১২ বছর বয়সী ছেলে নাসির ও ১০ বছর বয়সী মেয়ে নাসরিন ডুকরে কেঁদে বলতে থাকে, ‘কোনঠে গেল্যা জি আব্বা? এখন থ্যাক্যা আব্বা কাকে কোহবো?’
তরিকুলের স্ত্রী নারগিস বেগম বিলাপ করে বলতে থাকেন, ‘তিনটি ছেলেমেয়ে নিয়ে এখন আমি কোথায় যাব? আমার স্বামীকে যে খুন করেছে, আমি তার ফাঁসি চাই।’
নারগিস বেগম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকে মনিরুল ইসলাম মুঠোফোনে তাঁকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনিরুল ইসলাম তাঁকে উদ্দেশ করে অশ্লীল কথা বলেন। তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে এর প্রতিবাদ জানালে মনিরুল ইসলাম কাঠের টুকরা দিয়ে তাঁর স্বামীর মাথায় আঘাত করেন। এতে তিনি মারা যান।
প্রতিবেশীরা জানায়, স্ত্রীকে অপমানজনক কথা বলার প্রতিবাদ করতে গিয়েই তরিকুল ইসলামকে মরতে হলো।