চার দিনের হরতালে খুলনার শিক্ষার্থী, শ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। গতকাল বৃহস্পতিবার হরতালের সময় অনেকে তাই প্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হতে বাধ্য হন।জামায়াতের ডাকে গত রবি ও সোম, বিএনপির ডাকে মঙ্গলবারসহ টানা তিন দিনের পর বুধবার বাদে গতকাল আবারও হরতাল ডাকায় এসএসসির কয়েকটি পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এতে খুলনার শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাশাপাশি দিনমজুর, রিকশাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।নগরের কালীবাড়ি মোড়ে শ্রমিক মো. সেলিম বলেন, ‘এই চার দিন ধরে কাজের জন্য আসি। সারা দিন ঘুরে-ফিরে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরি। কোনো কামকাজ নেই। সংসারে অশান্তি। আমরা চাই হরতাল বন্ধ হোক, দেশের মানুষ ভালো থাকুক।’ ডাকবাংলা মোড়ে জুলহাশ হাওলাদার বলেন, ‘এ সপ্তাহে চার দিন হরতাল চলতেছে। আমি নিরুপায় হয়ে আজ রিকশা নিয়ে পথে নামিছি। কী করব, সংসার তো চালাতি হবে।’পিকচার প্যালেস মোড়ে জুতা পলিশওয়ালা আনন্দ দাস বলেন, ‘হরতালে মানুষ গ্রাম থেকে শহরে আসতে না পারায় আমাদের কোনো কাজই নেই। তাই আয়ও হচ্ছে না। কিন্তু পেটের দায়ে আজ দোকান খুলে বসে আছি।’সোনালী ব্যাংক চত্বরে ফুটপাতে পুরোনো কাপড় বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, ‘সামান্য পুঁজি নিয়ে এই ফুটপাতে বসে পুরোনো কাপড় বেচে সংসার চালাই। কুথার সাঈদীর জন্যি আজ এত মানুষ মত্তেছে আর সেই সঙ্গে আমরাও না খায়ে মত্তিছি।’খাদ্যপণ্যের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান ‘আর আহমেদ’-এর ব্যবস্থাপক রঞ্জন দেবনাথ জানান, হরতালে সব ব্যবসা ও লেনদেন বন্ধ হয়ে পড়েছে।এসএসসি পরীক্ষার্থী সামিন তাওসীব বলে, ‘পরীক্ষার ঠিক আগের দিন সন্ধ্যায় জানা যায়, কাল পরীক্ষা হবে না। তখন যে কত খারাপ লাগে, তা তো বলে বোঝানো যাবে না! তাই হরতাল নিয়ে সব সময় টেনশনে আছি।’বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে নাসির বলেন, হরতালের জন্য শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ বলেন, শিক্ষার্থীরা অনেক আগে থেকেই পরীক্ষার রুটিন পেয়ে সেই অনুসারে প্রস্তুতি নেয়। কিন্তু হরতালের কারণে হঠাৎ পরীক্ষা বন্ধ হলে তাদের মুডও ক্ষতিগ্রস্থ হচ্ছে।