‘কোনো দিন ঘুষ খামু না’
পড়াশোনার অবসরে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন রুবেল হোসেন (২২)। গত শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট এলাকায় নির্মাণাধীন একটি গুদামের প্রাচীর ধসে তিনিসহ চার শ্রমিক মারা যান। আহত হন নয়জন। এর মধ্যে নিহত রুবেলের ছোট ভাই রবিউল ইসলামও ছিলেন। তিনি এখন আশঙ্কামুক্ত। রুবেল হোসেন ছিলেন নওগাঁ সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্স শেষবর্ষের ছাত্র। তাঁর বাড়ি মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। ভূমিহীন পরিবারের সন্তান তিনি। বাবা মানসিক রোগী। পরিবারের পাঁচ সদস্যের ভরণ-পোষণের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই দায়িত্ব পালনে কুণ্ঠা ছিল না তাঁর। রুবেলের ইচ্ছা ছিল, পড়াশোনা শেষে শিক্ষকতা করবেন। কিন্তু দুর্ঘটনা সে স্বপ্ন কেড়ে নিল। গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ও স্থানীয় হাট চকগৌরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান, রুবেল ছোটবেলা থেকেই নিজের আয়ে পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গোয়ালবাড়ি গ্রামে রুবেলদের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের ছাপরা দেওয়া মাটির ঘরের বারান্দায় আহত রবিউলকে শুশ্রূষা দিচ্ছেন মা রেহেনা আক্তার। তিনি বললেন, ‘ছোল হামার খালি চিয়ার-টেবিলত বোসা থাক্যা সিগনিচার (সই) করার চাকরির কথা হামাক কচ্চিল, মা তুই দেখিস—হামি কোনো দিন কাকো (কাউকে) ঘুষ দিয়া চাকরি নিমু না। নিজেও কোনো দিন ঘুষ খামু না। আর যদি বিনা ঘুষে চাকরি না পাই, তাহলে আজমিস্ত্রির (রাজমিস্ত্রি) কাজ করে সৎভাবে চলমু।’ বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল রুবেলের, জানালেন মা।