'কোনো দিন মন্ত্রী হলে সব প্লট বাতিল করব'

প্লট বরাদ্দ না পেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘আমি কোনো দিন রাজউকের প্লট পাইনি। পূর্বাচলে এক মন্ত্রীর নামে ১৫০ প্লট দেওয়া হয়েছে। কোনো দিন মন্ত্রী হতে পারলে সব প্লট বাতিল করব। রাজউক এমন প্রতিষ্ঠান, যেখানকার পিয়নেরও দুটি করে প্লট আছে।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘রাজউককে ভেঙে দেন, না হলে কোনো উন্নতি হবে না।’ তিনি আবাসন খাতে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেন। তাঁর বক্তব্য, বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি হয় টাকা। গত এক বছরে এক লাখ কোটি টাকা চলে গেছে। এই টাকায় বিদেশে আবাসন খাতে ব্যয় হচ্ছে। বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে।
রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আজ রোববার ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সাংসদ ফিরোজ রশীদ। সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৈঠক সঞ্চালনা করেন জিল্লুর রহমান।
সাংসদ ফিরোজ রশীদের বক্তব্যের জবাবে রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, রাজউকের দুর্বলতা আছে। ত্রুটি-বিচ্যুতি আছে। তাই এটিকে শক্তিশালী করার জন্য গঠনমূলক সমালোচনা করা দরকার। তবে এটি ধ্বংস করার জন্য সমালোচনা ঠিক নয়। কারণ, রাজউক না থাকলে ঢাকায় একধরনের বিশৃঙ্খলা তৈরি হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানের প্রধান দায়িত্ব নিয়ে থাকে সরকার; যা বাংলাদেশে একেবারেই অনুপস্থিত। যার ফলে রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে বস্তি ও বস্তিবাসীর সংখ্যা বেড়েই চলেছে।
মোবাশ্বের হোসেন আরও বলেন, ‘আবাসন সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে সব ধরনের সুযোগ-সুবিধাসহ বিত্তশালী ও মধ্যবিত্ত মানুষকে স্বল্পমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হয়। এটি ধনী ও ক্ষমতাশালীকে আরও ধনী বানানোর একটি “অপূর্ব” পদক্ষেপ।’ তিনি বলেন, আবাসন সমস্যা সমাধানে ভবিষ্যতে প্লট বরাদ্দ নিষিদ্ধ করার পাশাপাশি সম্প্রতি বরাদ্দ দেওয়া সব প্লটের বরাদ্দ বাতিল করে সরকারি-বেসরকারি উদ্যোগে সব সুযোগ-সুবিধাসহ বড় এলাকাজুড়ে পরিবেশবান্ধব আবাসন প্রকল্প নির্মাণ করা যেতে পারে।
গোলটেবিল বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।