'কোনো নারী উদ্যোক্তাই ঋণখেলাপী হননি'
দেশের কোনো নারী উদ্যোক্তাই ঋণখেলাপী হননি উল্লেখ করে নারীর ক্ষমতায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
বাংলাদেশ উইমেন চেম্বার আয়োজিত ’বিডব্লিউসিসিআই প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড-২০১৩’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতারা এ দাবি জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আজ শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিডব্লিউসিসিআই নতুন স্থাপিত হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৩০ শতাংশ প্লট নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দের দাবি জানায়। উদ্যোক্তারা বলেন, মূল ধারার ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে এটি শুধু ঘোষণা নয়, কার্যকর করাও জরুরি। একই সাথে তাঁরা এক অঙ্কের সুদে শিল্পঋণ দেওয়ার দাবি জানিয়েছেন।
নারী উদ্যোক্তারা আরও বলেন, শুধু বুটিক ও হস্তশিল্পের মধ্যে দেশের নারীরা তাদের কার্যক্রম সীমিত রাখতে চান না। ইতিমধ্যে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের ক্ষেত্রে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। তারা উন্নয়নের স্রোতধারায় নারীর অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকার নারী উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যা দূর করতে কোনো বন্ধক ছাড়াই সাত লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করেছে। নারী উদ্যোক্তাদের জন্য সহজশর্তে ঋণ পেতে শিল্প মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে তিনি জানান।
বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সঙ্গীতা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অসলো বিজনেস অ্যাওয়ার্ড ফর পিস বিজয়ী সেলিমা আহমাদ, গ্রীণ ডেল্টা ইন্সরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীসহ প্রমুখ বক্তব্য দেন।
পরে মন্ত্রী ’বিডব্লিউসিসিআই প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড-২০১৩’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সাত বিভাগে সাত জন নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে নির্বাচিত দুইজনসহ মোট নয় জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।