'কোনো মানুষ নাই! সকল ঢরের মাঝে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কালুক ই-টাইমও (কাল এ সময়ও) মনে অইছিল রেল চলারও জায়গা পায়রও না। আজকু একই টাইমও সকাল থাকি ফকফকা। কোনো মানুষ নাই! সকল (সবাই) ঢরের (ভয়ের) মাঝে আছে। আমি নিজেও আজকু বাইর অইছি না।’

সিলেট রেলস্টেশনের একটি চায়ের দোকানে চা খেতে খেতে এভাবেই বলছিলেন মমিনখলার বাসিন্দা সমুজ মিয়া। এই রেলস্টেশন লাগোয়া এলাকা মমিনখলা। রেলস্টেশন থেকে রেললাইন ধরে প্রায় এক কিলোমিটার হাঁটলে পৌঁছানো যায় শিববাড়ি-পাঠানপাড়া। রেললাইনের পূর্ব দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক। তারপর জঙ্গি আস্তানার সেই বাড়ি আতিয়া মহল। আজ বেলা দেড়টার দিকে কথা হয় সমুজের সঙ্গে। পেশায় তিনি কৃষিজীবী। কিন্তু গত শুক্রবার থেকে কোনো কাজে যাননি। বাড়ি থেকে শুধু দৃষ্টি ছিল তাঁর আতিয়া মহলের দিকে।
গতকাল অভিযান চলাকালে ওই বাড়ি ঘিরে শুধু সমুজ নন, নারী-পুরুষ এমনকি শিশুদের পর্যন্ত ঔৎসুক্য ছিল। মোমিনখলা থেকে রেললাইনের ওপর দাঁড়িয়ে অন্তত ১০-১২ হাজার কৌতূহলী মানুষের উৎসুক দৃষ্টি ছিল আতিয়া মহলসহ আশপাশ এলাকার দিকে। শনিবার সন্ধ্যায় অভিযানের জন্য নিরাপত্তাবেষ্টিত এলাকায় বোমা হামলায় হতাহতের খবরে শুধু বাছিত নন, ঘটনাস্থলের আশপাশের চারটি গ্রাম ছাড়াও এক থেকে দেড় কিলোমিটার দূরের বসতি এলাকায়ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবারের মতো আজ রোববারও সকাল থেকে জঙ্গি আস্তানার আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ও প্রচণ্ড রকমের গোলাগুলির শব্দ শোনা যায়। তাই নগরজুড়ে আছে গুজব। আর এর সঙ্গে দুর্ভোগ।

সিলেট রেলস্টেশন থেকে শিববাড়ি পর্যন্ত রেললাইনের আশপাশে অন্তত ১১টি বসতি এলাকার মানুষের মনে কৌতূহল ও জঙ্গিবিরোধী অভিযান নিয়ে সেই ঔৎসুক্য ছাপিয়ে শুধুই উৎকণ্ঠা দেখা গেছে। মমিনখলা হয়ে ঘটনাস্থলে যাওয়ার বিকল্প পথ চানপুর এলাকাও একই রকম। চানপুরে কথা হয় জৈনপুরের মুদি দোকানি মামুন আহমদের সঙ্গে। তাঁর ভাষ্য, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চানপুর হয়ে শত শত মানুষ শিববাড়ির দিকে যেতে দেখেছেন। এরপর বোমা হামলার খবর আসার পর থেকে আর কাউকে যেতে দেখেননি। সন্ত্রস্ত মামুনের জানতে চাওয়া, ‘জঙ্গিরা ওই বাড়ি থাকি বাইর অইয়া ছড়াই গেছে-হাছানি?’

নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছাকাছি আরেক পরিবারের কথা। ঘরে বয়স্ক মা, সাত বছর বয়সী ছেলে আর নয় বছর বয়সী মেয়ে অনবরত কাঁদছে। চোখেমুখে ভয়ের ছাপ আর মনে আতঙ্ক থাকায় গৃহিণী নিজ ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে পর্যন্ত যেতে চাইছেন না। মাঝেমধ্যে বাইরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিলেন বাড়ির কর্তা।
এ পরিবারটির অবস্থান সিলেট এ পরিবার ছাড়াও জঙ্গি আস্তানার আশপাশের বাসিন্দারা এখন একই রকম আতঙ্কে অনেকটা ‘স্বেচ্ছা অবরুদ্ধ’ হয়ে সময় পার করছেন।

জঙ্গি আস্তানার ঠিক পেছনেই পৈত্যপাড়া এলাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক বাসিন্দা বলেন, মানুষ এমনিতেই চরম উদ্বেগ আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। গতকাল সন্ধ্যায় বোমা বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে। এর মধ্যে গতকাল থেকে গ্যাস বিচ্ছিন্ন থাকায় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।

শিববাড়ি এলাকার চাকরিজীবী সনজিৎ চক্রবর্তী বলেন, ‘তিন দিন ধরে আতঙ্ক নিয়ে ঘরে অনেকটা স্বেচ্ছা অবরুদ্ধ হয়ে জীবন যাপন করছি। ঠিক জানি না, কখন এই আতঙ্কের অবসান হবে। মনে হচ্ছে, এই বুঝি আমাদের বাসার মধ্যেও গ্রেনেডের স্প্লিন্টার এসে উড়ে পড়ছে!’

কাজিরবাজার সেতু এলাকা হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকায় গিয়ে কথা হয় শিবু পাল নামের এক ব্যক্তির সঙ্গে। আতিয়া মহলে আটকে পড়া ৭৮ জনের মধ্যে তাঁর এক আত্মীয় ছিলেন। শিবুর মুখ থেকে আটকে থাকা আত্মীয়দের কথাবার্তা শুনতে তাঁকে ঘিরে জটলা ছিল। আরও দু-একজনের ভিড় দেখে সতর্ক শিবু। বললেন, ‘আর কোনো মাত (কথা) নাই। মনের মইধ্যে বড় ভয় ঢুকি গেছে। কোনখান থাকি কোন সময় কিতা অয়, বলা দায়!’
দক্ষিণ সুরমার কদমতলি এলাকা সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেখানকার বাসিন্দা আবদুল বাছিত সেলিম জানালেন, মানুষ আতঙ্কিত। তাই বিভিন্ন উদ্ভট কথাবার্তা ও গুজবও ছড়াচ্ছে। এসব গুজব ছড়ানোর পেছনে কারা আছে, এটা সামাজিকভাবে অনুসন্ধান করতে এলাকাবাসী উদ্যোগ নিচ্ছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ হারুনুর রশিদ জানিয়েছেন, শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ জারি করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার একমাত্র সড়ক সিলেট-ফেঞ্চুগঞ্জের এক কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।