‘কোনো রাজনৈতিক মতাদর্শকে বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, আমাদের সবার লক্ষ্য শান্তি। দেশের জনগণ আজ বিভিন্ন রাজনৈতিক মতবাদ এবং মতে বিভক্ত। এদের কোনো অংশকেই বাদ দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। গতকাল চট্টগ্রাম নগরের লালখান বাজারে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠক এবং ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। এতে তিনি প্রধান অতিথি ছিলেন।‘আগামী দিনের বাংলাদেশ: রাজনৈতিক গতিধারা ও ইসলামপন্থীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামিক রেনেসাঁ। বৈঠকে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মুফতি ইজহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রধান রাজনৈতিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ সাইফুল্লাহ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এনামুল হক, ইতিহাস অন্বেষা সাময়িকীর এস এম নজরুল ইসলাম, এম হাশেম রাজু, নেজামে ইসলামের চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুর রহমান চৌধুরী প্রমুখ।