‘কোনো সন্ত্রাসীকে ১২ মার্চ ঢাকায় যেতে দেওয়া হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোনো সন্ত্রাসীকে ১২ মার্চ ঢাকায় যেতে দেওয়া হবে না। পুলিশসহ সাধারণ জনগণ সন্ত্রাসীদের প্রতিহত করবে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দলের মানববন্ধনে নেতারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধনে একাত্ম হয়ে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জাসদ সিলেটের জেলা সভাপতি কলন্দর আলী, ন্যাপের সৈয়দ আবদুল হান্নান, গণতান্ত্রিক পার্টির আরিফ মিয়া।বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদের মদদদাতাদের বিচার, জিয়া পরিবারের অর্থ পাচার ও দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করতেই গত নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। কিন্তু জামায়াত-বিএনপি মহাসমাবেশ করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে।