
মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি পার্কের সামনে শিশুদের ভিড়। বিকেলে মাঠে খেলার ফাঁকে ফাঁকে তারা চটপটি ও ফুচকার টক-ঝাল স্বাদ নিচ্ছে। আর বিক্রেতা হারুনুর রশীদ তাঁর খুদে ক্রেতাদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন।
এই ফাঁকে কথা হয় ৫০ বছর বয়সী মো. হারুনুর রশীদের সঙ্গে। মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ২০ বছর ধরে ভ্যানে করে চটপটি-ফুচকা বিক্রি করছেন তিনি। তাঁর বাসাও মগবাজারের টিঅ্যান্ডটি কলোনিতে। চটপটি-ফুসকা বিক্রি করে সংসার চলে তাঁর।
হারুনুর রশীদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। সেখানে নিজের ঘরবাড়ি আছে। তবে কেউ সেখানে থাকে না। জীবিকার তাগিদে পুরো পরিবার নিয়ে প্রায় ২১ বছর আগে ঢাকায় আসেন। এরপর থিতু হন মগবাজারে।
হারুনুর রশীদ জানান, তাঁর তিন মেয়ে, দুই ছেলে। প্রথম দুই সন্তান মেয়ে। তাদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন। পরিবারে অনটন, এ কারণে পড়াশোনা এর বেশি এগোয়নি। মেয়েদের বিয়েও দিয়েছেন। এক ছেলে মালিবাগের একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন। ছেলে আয়ের কিছু অংশ তাঁকে দেন।
হারুনুর রশীদের এক মেয়ে (১৬) বাক্প্রতিবন্ধী। এ নিয়ে দুঃখের শেষ নেই তাঁর। তাঁর ছোট ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
শুরুতে এই পেশায় ছিলেন না হারুনুর রশীদ। ঢাকায় আসার পর প্রথমে তরকারির ব্যবসা শুরু করেছিলেন। তবে সে ব্যবসায় লাভের মুখ দেখেননি। এরপর থেকে চটপটি-ফুচকা ব্যবসা শুরু করেন। সেখানে ধীরে ধীরে অল্প অল্প করে লাভ করতে থাকেন। এ ব্যবসায় স্ত্রী তাঁকে সহযোগিতা করেন।
হারুনুর রশীদ বলেন, ফুচকা-চটপটি ঘরে তৈরি করেন। এ জন্য তাঁর দৈনিক খরচ হয় প্রায় ১ হাজার ২০০ টাকার মতো। দিনেরটা দিনেই তৈরি করেন। প্রতিদিন গড়ে লাভ থাকে ৪০০ থেকে ৫০০ টাকা। তবে বৃষ্টির দিনে বিক্রি কমে যায়। ‘যা আয় হয়, তাতে গরিবের সংসার কোনোমতে চলে যায়।’ বললেন তিনি।
বিকেলে পার্কে খেলতে আসা শিশু-কিশোরেরা কিংবা বাসাবাড়ির লোকজন হারুনুর রশীদের চটপটি-ফুচকার প্রধান ক্রেতা। প্রতি প্লেট চটপটি-ফুসকা ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেন তিনি। তবে শিশুরা চাইলে ১০ টাকার চটপটিও দেন তিনি।
বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যেই ভ্যান নিয়ে চলে আসেন টিঅ্যান্ডটি কলোনি পার্কের কাছে। বেচাবিক্রি চলে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত। তবে অনেক সময় আগেই ফুচকা-চটপটি শেষ হয়ে যায়। তখন আগেই বাসায় যাওয়ার সুযোগ মেলে।
জীবন নিয়ে হারুনুর রশীদের চাওয়া খুব অল্পই। তিনি বলেন, ‘বয়সের বেশির ভাগ সময় তো চলেই গেছে। ছোট ছেলেকে পড়াতে চাই। আর এ কাজ করে পরিবার নিয়ে ভালো থাকতে চাই।’