'কোরবানির জন্য নির্ধারিত স্থান রাখতে হবে'
পবিত্র মক্কা নগরের মতো পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান রাখতে হবে এবং জায়গাটি স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করতে হবে। কোরবানির পশু পরিষ্কার রাখতে হবে এবং পশুটি রোগমুক্ত ও কোরবানির উপযুক্ত কি না, তা পরীক্ষা করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি দিয়ে ধর্মীয় নির্দেশনা মেনে পশু কোরবানি করতে হবে। তাহলে দুর্গন্ধ ছড়ানো ও রোগের প্রাদুর্ভাব রোধ, পশুর চামড়া অক্ষত ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে আয়োজিত মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু কোরবানি করা হলে মাংস ময়লা ও জীবাণুমুক্ত হবে। পাশাপাশি পশুর উচ্ছিষ্টাংশ প্রক্রিয়াজাত করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে। পরিবেশ বিপর্যয় রোধ এবং জনস্বাস্থ্যের ক্ষতি এড়ানো যাবে।
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি মু. হাফিজুর রহমান বলেন, নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির ব্যবস্থা করা সম্ভব হলে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া পশুর বিভিন্ন অঙ্গ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
মানববন্ধনে বাংলাদেশ হাউড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের হিসাবের বরাত দিয়ে বলা হয়, সংগৃহীত বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহার করা হলে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন। প্রতি কেজি সারের মূল্য ৫০ টাকা হিসাবে মোট মূল্য দাঁড়াবে ২ হাজার ৭৫ কোটি টাকা। এ ছাড়া কোরবানিসহ সারা বছর জবাই করা গরুর হাড়ের মূল্য প্রায় ১৪০ কোটি টাকা।
বিজ্ঞপ্তি