'কোরবানির পশু রাখার জায়গাও নেই ডিএনডি এলাকায়'
‘তিন মাস ধরে ঘরের ভেতর হাঁটুপানি। সামনে কোরবানির ঈদ। অথচ কোরবানির পশু রাখার মতো কোনো অবস্থা নেই ডিএনডি এলাকায়।’
আক্ষেপের সঙ্গে এসব কথা বলছিলেন ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকায় জলাবদ্ধতা দূর করার দাবিতে গণ-অনশনে অংশ নেওয়া নারায়ণগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা মো. আবুল কালাম দেওয়ান।
ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দূর করার দাবিতে গতকাল শনিবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ৫০ জন এই কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
মো. আবুল কালাম দেওয়ান বলেন, ডিএনডি বাঁধ এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে। আবদ্ধ নোংরা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগবালাই হচ্ছে। স্থানীয় সাংসদ শামীম ওসমান ঘোষণা দিয়েছিলেন, ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে তিনি অনশন করবেন। অথচ অনশন দূরের কথা, পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থাই করলেন না। তিনি বলেন, এর আগেও মানববন্ধন হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে। জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। মেয়র-সাংসদ কেউ ব্যবস্থা নিচ্ছেন না।
অনশনে অংশ নেওয়া মো. আবুল খালেক বলেন, এ ধরনের জলাবদ্ধতা ২০০৪ ও ২০০৭ সালেও হয়েছিল। কিন্তু তখন সেখান থেকে পাম্প দিয়ে পানি সরানো হয়েছিল। এখন এ ধরনের কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না।
আবদুর রাজ্জাক মোল্লা নামের আরেক বাসিন্দা বলেন, এখানে ১২ লাখ লোক জলাবদ্ধ অবস্থায় আছে। চারটি পাম্প ছিল, তিনটিই অচল। অতিরিক্ত বৃষ্টি হলে কোনো বাড়তি ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। শৌচাগার আর নর্দমার পানি এক হয়ে গেছে। পোশাক কারখানায় কর্মরত অনেক শ্রমিক এখানে বাস করেন। প্রতিদিন হাঁটুপানি পার হয়ে তাঁদের চলাচল করতে হয়। তিনি বলেন, ‘বহুবার মানববন্ধন করেছি। আমাদের যেন কেউ নেই। কেউ পরিদর্শন করতেও যায়নি। অথচ নির্বাচনের আগে মেয়র, সাংসদ সবাই ঘরে ঘরে ভোট চাইতে গিয়েছিল।’
ডিএনডির আরেক বাসিন্দা শামসুল আলম জুলফিকার বলেন, তাঁদের কোরবানির পশু জবাই করার মতো অবস্থাও নেই।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম এ মাসুদ বলেন, ‘আমরা চাই জরুরি ভিত্তিতে পানিনিষ্কাশন করা হোক। ইচ্ছা করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে পারতাম। মানুষের কষ্ট হবে ভেবে করছি না। আমরা সরকারকে বিব্রত করতে চাই না।’ তিনি বলেন, ‘ডিএনডি এলাকায় মানুষ মারা গেলে লাশ ঘরে রাখার মতো কোনো অবস্থা নেই। গর্ভবতীরা সহজে হাসপাতালেও যেতে পারেন না।’