'ক্যাদা পানি ভাইঙা আইলাম কিছুই পাইলাম না'

‘এত কষ্ট কইরা ক্যাদা পানি ভাইঙা আইলাম, কিছুই পাইলাম না।’ ত্রাণ না পেয়ে ফিরে যাওয়ার সময় ক্ষোভে-দুঃখে কথাগুলো বলেন নুর বানু বেওয়া (৭২)। বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বলদমারী গ্রামে।
গতকাল বুধবার দুপুরে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ গ্রামে গিয়ে ইউনিয়নের বন্যাকবলিত ও নদীভাঙনের শিকার লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেন।
রৌমারী ঘাট থেকে নৌকায় করে বলদমারী গ্রামে যাওয়ার পথে দেখা যায়, বিভিন্ন এলাকায় পানি নেমে যাচ্ছে। প্রবল স্রোতে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এ ইউনিয়নের গ্রামগুলোর বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে আছে।
বলদমারী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের একটি সড়কের পাশে শামিয়ানা টানিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ত্রাণের আশায় জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। কিন্তু মাত্র ২০০ জনের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো। অথচ উপজেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের হিসাবেই এ ইউনিয়নের বন্যাকবলিত ও নদীভাঙনের শিকার মানুষের সংখ্যা ১৩ হাজার ৪০০। ত্রাণ না পেয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বলদমারী গ্রামের আছমা বেগম (৩৭) বলেন, ‘ভাই, আমার কিছুই নাই। স্বামী বেলাল অচল। ভিক্ষা করেন। বন্যার সময় বাড়ি ভাইঙা যায়। আমারে কার্ড দিল না। ছাওয়াল-পাওয়াল নিয়া খুব দুর্ভোগে আছি।’ ৬৫ বছরের বৃদ্ধা বানিতন বেওয়া বলেন, ‘স্বামী বয়াতি মইরা গ্যাছে মেলা আগে। পোলাপানগো লইয়া কষ্টে আছি। আমারে ছিলিপ দিল না। হ্যারা কারে দিল?’
ত্রাণ বিতরণের মঞ্চের সামনের সড়কে বিক্ষোভও করেন অনেকে। তাঁদের হাতে ছিল ব্যানার, যাতে অবিলম্বে রৌমারীকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিসংবলিত লেখা ছিল। বিক্ষোভকারীদের একজন মহির উদ্দিন বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে রৌমারী উপজেলা। মন্ত্রী যে ইউনিয়নে ত্রাণ দিচ্ছেন, বর্তমান সেখানেও তীব্র ভাঙন চলছে। হাজার হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ত্রাণ দেওয়া হয়েছে ২০০ জনকে।
মন্ত্রী চলে গেলে ত্রাণের জন্য হইহুল্লোড় পড়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার ও উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। ত্রাণ কর্মকর্তা আরও ১০০ জনকে ত্রাণ দেওয়ার জন্য তালিকা তৈরি করতে ইউনিয়নের কর্মকর্তাদের নির্দেশ দেন।
জানতে চাইলে মুঠোফোনে ত্রাণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পানি নেমে আসার পর প্রথম দফায় ২০০ জনকে ত্রাণ দেওয়া হলো। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত অন্যদের তালিকা তৈরি করে ধাপে ধাপে ত্রাণ দেওয়া হবে।