'ক্যানসার চিকিৎসা নিয়ে ব্যবসায়িক মনোভাব রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব অধ্যাপক শেখ গোলাম মোস্তফা বলেছেন, ‘দেশে ক্যানসার চিকিৎসা নিয়ে ব্যবসায়িক মনোভাব রয়েছে। বেসরকারি হাসপাতাল মালিকেরা ক্যানসার ব্যবসাকে কেন্দ্র করে তাড়াতাড়ি বড়লোক হতে চান।’ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার ক্যানসার–বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

‘ক্যানসার নির্ণয় ও চিকিৎসা: সুযোগ ও ব্যয়’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ ও ইএইচআরডি ক্যানসার সাপোর্ট নামের তিনটি সংগঠন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। প্রবন্ধে বলা হয়, কয়েক বছর আগেও দরিদ্র রোগীরা স্তন ক্যানসারসহ মেজর অপারেশন ১৫-২৫ হাজার টাকায় করাতে পারতেন। বর্তমানে যার জন্য ব্যয় হয় প্রায় এক লাখ টাকা।

এ বিষয়ে মো. হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণ, দেশের স্বল্পসংখ্যক ক্যানসার সার্জনদের ইচ্ছামতো রেট ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।’

প্রবন্ধে ক্যানসার নিয়ন্ত্রণে ও ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে রয়েছে-দেশে স্তন, জরায়ু মুখ ও মুখ গহ্বরের ক্যানসার নির্ণয়ের জন্য জনগোষ্ঠীভিত্তিক স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন, সরকারি ক্যানসার চিকিৎসাকেন্দ্রের ৮০ শতাংশ বিছানা গরিব রোগীদের জন্য বিনা মূল্যে করা, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচ শতে উন্নীত করা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক ক্যানসার কেন্দ্র স্থাপিত হলে ক্যানসার চিকিৎসা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের নাগালের মধ্যে আসবে। ক্যানসার চিকিৎসা–ব্যয় কমাতে সরকার, বেসরকারি হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ক্যানসার চিকিৎসা ব্যয় দরিদ্রদের নাগালের বাইরে, তাই সরকারি খাতে ক্যানসার চিকিৎসার সুবিধা বৃদ্ধি করতে হবে।

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোজাহেরুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুন্নেছা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ফাতেমা আশরাফ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক রেহানা পারভীন ও সার্জিক্যাল অনকোলজিস্ট মো. হাসানুজ্জামান প্রমুখ সভায় বক্তব্য দেন।