‘ক্যানসার রোগীদের সেবায় সামাজিক উদ্যোগ চাই’
ওষুধের দাম বেশি হওয়ায় দরিদ্র ক্যানসার রোগীরা চিকিৎসা শুরু করলেও তা চালিয়ে যেতে পারেন না। তাদের খোঁজখবর রাখার কোনো ব্যবস্থাও নেই। এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য সামাজিক উদ্যোগ প্রয়োজন।গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ক্যানসার রোগীদের সহায়তা-বিষয়ক এক কর্মসূচির পরিচিতি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ মত দেন। বহুজাতিক ওষুধ কোম্পানি স্যানোফি-অ্যাভেনটিস এ অনুষ্ঠানের আয়োজন করে।খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক এম এ হাই বলেন, ‘ক্যানসার রোগীরা এ দেশে খুবই অসহায়। দারিদ্র্যের কারণে অনেকে সুস্থ হওয়ার আগেই ওষুধ খাওয়া ছেড়ে দেন।’স্যানোফি-অ্যাভেনটিস এ অনুষ্ঠানে দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে ক্যানসারের গুরুত্বপূর্ণ একটি ওষুধের দাম দুই-তৃতীয়াংশ কমানোর ঘোষণা দেয়। বর্তমানে ২০ হাজার টাকা দামের ওষুধটি আজ থেকে ছয় হাজার ৩৫০ টাকায় বিক্রি হবে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে কিছু পরিবর্তন আসছে। তারা ক্যানসার এবং ডায়াবেটিসকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।