‘ক্যান্নে ছালাইয়্যাম অ্যাই রিকশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের আলমগীর হোসেন (৩৫) নামের এক রিকশাচালক অপচিকিৎসার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, থেরাপি চিকিৎসার নামে বৈদ্যুতিক শক দেওয়ার কারণে তাঁর বাঁ হাতে পচন ধরে মাংস ঝরে পড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর স্বজনেরা জানিয়েছেন, আলমগীরের হাতটি কেটে ফেলতে হবে। লক্ষ্মীপুর সদরের দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার হাতুড়ে ডাক্তার শহিদ উল্যা এ অপচিকিৎসা করেন। গতকাল সোমবার দুপুরে তাঁকে নোয়াখালীর এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার বিকেলে আলমগীর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।আলমগীরের চাচাতো ভাই প্রবাসফেরত যুবক মো. সেলিম জানান, ২০-২৫ দিন আগে হঠাৎ আলমগীরের পেটব্যথা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তার বাঁ হাতের শক্তিবোধ হারিয়ে ফেলেন। এ কারণে তাঁকে ডাক্তার শহিদ উল্যার কাছে নেওয়া হয়। তিনি আলমগীরকে দেখার পর হাতে একটি ইনজেকশন দেন। পরে বৈদ্যুতিক শকের মাধ্যমে থেরাপি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন সকালে আলমগীরের হাতের বিভিন্ন অংশে ফোসকা পড়ে ফুলে গিয়ে পুরো হাত কালো হয়ে যায়।গতকাল আলমগীরের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জরাজীর্ণ দোচালা একটি টিনের ঘরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর বসবাস। ২৫ দিন ধরে ঘরের পাশে পড়ে আছে তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন রিকশাটি। তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে অভাব-অনটনের কারণে চিকিৎসা করাতে পারছিলেন না। পরে এলাকার লোকজন ১৮ হাজার টাকা চাঁদা তুলে চিকিৎসার জন্য দেন। সে টাকা নিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএনজিচালিত অটোরিকশায় আসার পথে রাতে সোনাপুরে ছিনতাইকারীরা ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যান আলমগীর ও তাঁর স্ত্রী। অবস্থার অবনতি হলে ৫ মে তাঁকে হাতুড়ে চিকিৎসক শহিদ উল্যার কাছে নেওয়া হয়। চিকিৎসার জন্য দেওয়া হয় তাঁকে তিন হাজার টাকা। সেখানেই তিনি অপচিকিৎসার শিকার হন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বাহারুল আলম জানান, তাঁর হাতটি কেটে ফেলতে হবে। অপচিকিৎসার কারণে আলমগীরের হাতের মাংসপেশি মরে গেছে। কান্নাজড়িত কণ্ঠে হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন বলেন, ‘ডাক্তার শহিদ অ্যার হাতে কারেন্টের হিট (বৈদ্যুতিক শক) দেয়। এর হরেত্যন অ্যার হাত হুলি (ফুলে) কলা অই যায়। অন ডাক্তাররা কইছে অ্যার হাত কাডি হালাইবো। ক্যান্নে ছালাইয়্যাম অ্যাই রিকশা? অ্যার মাইয়্যা ফেরদৌসি ও হোলা হূদয়ের কি অইবো?’ এ ব্যাপারে শহিদ উল্যা বলেন, ‘আলমগীরকে বৈদ্যুতিক শক দেওয়া হয়নি। তবে থেরাপি দিয়ে ম্যাসেজ করা হয়েছে। এরপর তিনি আর আমার পরামর্শ নেননি। রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দুর্ঘটনা হতেই পারে। তবে সে অন্য কোথাও চিকিৎসা নিয়ে এ অবস্থা হয়েছে কি না, তা আমি অবগত নই।’