একাত্তরে খেলারাম সর্দার ছিলেন ২৬ বছরের টগবগে তরুণ। পেশায় ছিলেন জেলে। থাকতেন চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায়। যুদ্ধ শুরু হলে ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। কিন্তু বৃদ্ধ মাকে রেখে খেলারাম কোথাও যাননি। তিনি নদীতে মাছ ধরার কাজ করতেন। ওই সময় তিনি নদীতে লাশ ভাসতেও দেখেছেন। মাঝেমধ্যে তাঁর জালেও আটকে যেত লাশ।খেলারাম প্রথম আলোকে বলেন, ‘এসব লাশের মূল উৎস ছিল ইকবাল রোডের ফিশারিঘাটের পাঞ্জাবি ক্যাম্প-সংলগ্ন পাথরঘাটা খাল। রক্তের স্রোত বয়ে যেত খালে।’ ৪০ বছর আগের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, সমর আলী মার্কেটের পেছনে পাথরঘাটা খালের পাশে একটি একতলা লাল ভবনে ছিল পাঞ্জাবিদের ক্যাম্প। পাঞ্জাবিরা রাতে বিভিন্ন জায়গা থেকে লাশ এনে খালের পাড়ে একটি গর্তে ফেলত। এর মধ্যে কিছু লাশ খাল হয়ে নদীতে ভেসে যেত।আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল ইতিমধ্যে চট্টগ্রামে এসে অজানা এ মৃত্যুকূপের কথা জেনেছে। পরে তারা সেটা খোঁড়ার কাজ শুরু করে। তদন্তকারী দলের কাছে খেলারাম বক্তব্য দিয়েছেন। দলের প্রধান প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘এ জায়গায় পাকিস্তানি হানাদারদের ক্যাম্প ছিল। তবে এতে যতক্ষণ হাড়গোড় না মিলবে, ততক্ষণ কিছুই নিশ্চিত হওয়া যাবে না।’গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিশারিঘাটের পাথরঘাটা খালের পাড়ে ১৫ জন শ্রমিক মাটি খুঁড়ছেন। লাল ভবনের পাশে ১২০ বর্গফুট জায়গার প্রায় ছয় ফুটের মতো গভীর গর্ত খোঁড়া হয়েছে। ৩০-৩৫ ফুট পর্যন্ত খুঁড়ে দেখা হবে। গত বৃহস্পতিবার থেকে এটা খোঁড়ার কাজ শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালের তদন্তকারী দলের সহকারী পুলিশ সুপার মনোয়ারা বেগম ও উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। তাঁরা গতকাল ঢাকায় ফিরে যান। বর্তমানে কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই জায়গা পাহারা দিচ্ছে। ওই এলাকার মুক্তিযোদ্ধা আহমেদ সৈয়দ জানান, লাল ভবনে মানুষ এনে হত্যার পাশাপাশি বাইরে থেকেও লাশ এনে খালের পাড়ে এবং ভবনের চারপাশে কয়েকটি গর্তে ফেলা হতো। এখন যে জায়গায় গর্ত খোঁড়া হচ্ছে, সেখানে কঙ্কাল না পাওয়া গেলেও ভবনের চারপাশের কয়েকটি গর্তে পাওয়া যাবে।