'ক্যারি অন' পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল কলেজের সামনের সড়কে মানববন্ধন করেন। বেলা সাড়ে ১১টায় তোলা ছবি l প্রথম আলো
‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল কলেজের সামনের সড়কে মানববন্ধন করেন। বেলা সাড়ে ১১টায় তোলা ছবি l প্রথম আলো

পেশাগত এমবিবিএস পরীক্ষায় ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহাল করার দাবিতে চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের তিনটি পরীক্ষা দিতে হতো। পরীক্ষাগুলোকে বলা হয় ‘প্রফেশনাল এক্সামিনেশন’। এ পরীক্ষার কোনো একটি বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীরা পরের প্রফেশনাল কোর্সে অংশ নিতে পারতেন। যে বিষয়ে খারাপ করতেন, শুধু সেই বিষয়ের পরীক্ষা দিলেই চলত। নতুন নিয়মে শিক্ষার্থীদের আর পরের কোর্সে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তাঁকে ছয় মাস বসে থেকে ওই একটি বিষয় পড়তে হচ্ছে। এতে তিনি সহপাঠীদের তুলনায় ছয় মাস পিছিয়ে যাচ্ছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে ‘সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, ইউএসটিসি মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও ইন্টারন্যাশনাল ইসলামিক মেডিকেল কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
রাজশাহী: বেলা ১১টার দিকে কলেজের সামনে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থী তানজিম জিনাত, রুহিন এমদাদ, জুবায়ের, শাওন প্রমুখ বক্তব্য দেন।
ফরিদপুর: সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেন। এ সময় মেডিকেল শিক্ষার্থী মোস্তাকিম কবির, সুবীর কুমার দে, আবদুল আলিম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ক্যারি অন পদ্ধতি পুনর্বহাল না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, রাজপথ অবরোধ, অনশনসহ কঠিন কর্মসূচি পালনে বাধ্য হবেন।
ময়মনসিংহ: সকাল ১০টায় শহরের চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
পটুয়াখালী: দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলেজের অধ্যক্ষ বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
কুষ্টিয়া: বেলা সাড়ে ১১টায় শহরে কলেজের (অস্থায়ী) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শতাধিক ছাত্রছাত্রী। তাঁরা ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবিতে লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন। পরে তাঁরা বিএমডিসির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন।
যশোর: বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। যশোর মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এ সময় ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার সভাপতি সাফাত বিন শাহ্, শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সাতক্ষীরা: দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বক্তব্য দেন শিক্ষার্থী ইমরান হোসাইন, জেবা তাহমিন প্রমুখ।
নোয়াখালী: বেলা ১১টায় বেগমগঞ্জের চৌরাস্তা এলাকায় আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের পক্ষে লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেন।