'ক্রসফায়ারের' পক্ষে নৌমন্ত্রীর সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রসফায়ারের’ পক্ষে যুক্তি তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ মানুষ যা চায়, সরকার সে ধরনেরই পদক্ষেপ নেবে। বিবিসি বাংলাদেশ সংলাপে নির্ধারিত আলোচক হিসেবে গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
অবশ্য সংলাপে অপর তিনজন আলোচক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করেন।
চলতি আগস্ট মাসে সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চারজন স্থানীয় নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। সরকারি দলের অন্তত দুজন সাংসদ প্রকাশ্যে ‘বন্দুকযুদ্ধের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলার পর নৌমন্ত্রী এ কথা বললেন।
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে রাজধানীর টিসিবি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে। আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বাক্স্বাধীনতা ও ব্যক্তির গোপনীয়তার অধিকার রক্ষার কাজে যুক্ত বৈশ্বিক সংগঠন আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া শাখার পরিচালক তাহমিনা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।
দর্শক আজিজুর রহমানের প্রশ্ন ছিল, কথিত বন্দুকযুদ্ধই কি দেশে সন্ত্রাস দমনের একমাত্র পথ হয়ে উঠছে?
শাজাহান খান বলেন, ‘আপনারা কেউ কি বলতে পারবেন, এ পর্যন্ত কোনো সন্ত্রাসীর বিচার আইনের মাধ্যমে করা সম্ভব হয়েছে? এখন প্রশ্ন হলো, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে, তাদের পরিচয়টা কী? আওয়ামী লীগেরই তো কয়েকজন এ ধরনের ঘটনায় মারা গেল, এদের কারও কারও পরিচয় আমরা দেখেছি। ভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছে ফায়দা লোটার জন্য। ওই দলেও তারা সন্ত্রাসী ছিল। বিএনপি থাকার সময়ও সন্ত্রাসী ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগে এসেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।’
মাহবুবুর রহমান বলেন, বিচারবহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। একজন মন্ত্রী বললেন, অ্যাকশন শুরু হয়েছে। এটি সভ্য কথা হতে পারে না। আসলে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।
বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ক্রসফায়ার শুরু হয়েছিল—এমন প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, তখন ক্রসফায়ারের প্রয়োজন ছিল।
এম এম আকাশ বলেন, বন্দুকযুদ্ধ মানে দুই পক্ষের যুদ্ধ। এখন যে যুদ্ধ হচ্ছে, তাতে এক পক্ষের হাতে বন্দুক আছে। যে অবস্থা চলছে, তাতে প্রশাসন যাকে খুশি তাকে মারবে।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কয়েকজন ক্রসফায়ারের বিরোধিতা করে বলেন, ক্রসফায়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার প্রকাশ। যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক, তাদের হাতে অস্ত্র নেই, ক্রসফায়ারে তারাই মারা যাচ্ছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যাদের যুদ্ধ হচ্ছে, তাদের কেউ মারা যাচ্ছে না। এভাবে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের পক্ষে মত দেন। তাঁরা বলেন, এই আইনের অপব্যবহার হচ্ছে। সাংবাদিক প্রবীর সিকদারকে আটকের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, ৫৭ ধারাকে সরকার প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই আইনটি বাতিল করা উচিত।
এম এম আকাশ বলেন, আইনটিকে সুস্পষ্ট করতে হবে। নইলে এর অপব্যবহার বাড়বে।
তাহমিনা রহমান বলেন, ৫৭ ধারামতে যেকোনো সময়ে যে কাউকে আটক করা যাবে। এতে নাগরিকের জন্য কোনো সুরক্ষা নেই।
উপস্থিত আলোচক ও দর্শকেরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির পদ থেকে জেলা প্রশাসকদের স্ত্রীদের সরিয়ে দেওয়ার পক্ষে মত দেন। আলোচকেরা বলেন, গঠনতন্ত্রে ভিন্ন নির্দেশনা থাকলেও জেলা প্রশাসকদের স্ত্রীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি।