'ক্রসফায়ারে' তারেকসহ দুজনের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড: বাম মোর্চা
যুবলীগের নেতা রিয়াজুল হক মিল্কি হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়ে র্যাবের হেফাজতে থাকা জাহিদ সিদ্দিকী তারেকসহ দুজনের ‘ক্রসফায়ারে’ মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল শুক্রবার মোর্চার কেন্দ্রীয় পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, তারেকের মৃত্যু ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। দেশের মানুষ র্যাবের তৈরি গল্প গ্রহণ করেনি। যত বড় অপরাধীই হোক, দেশের প্রচলিত আইনে তার বিচারের ব্যবস্থা রয়েছে।
প্রস্তাবে তারেকসহ বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই যদি সন্ত্রাসী ভূমিকায় আবির্ভূত হয়, তাহলে দেশের মানুষ যাবে কোথায়?
বাম মোর্চার আহ্বায়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, আবদুস সাত্তার, আবদুস সালাম, ইয়াসিন মিয়া, শহীদুল ইসলাম, ফখরুদ্দিন আতিক প্রমুখ। বিজ্ঞপ্তি।