'ক্রসফায়ারে' ঘটনা ধামাচাপার চেষ্টা: ফখরুল

প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনা পুরো বিষয়টিকে ধামাপচাপা দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসামি ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে ক্রসফায়ারে দেওয়াসহ পুরো বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল আজ সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন। দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের কারামুক্তি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার ছিল, সেটি ছিল না। এটি সরকারের চরম বর্থ্যতা। পরবর্তী সময়ে একজন আসামিকে ধরে আবার ক্রসফায়ারে দেওয়া হলো। এ ক্রসফায়ারের ফলে মানুুষের মনে প্রশ্ন জেগেছে, এর ভেতর কী লুকিয়ে ছিল? ক্রসফায়ার দেওয়া মানে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কক্সবাজারের জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে খুন-হত্যার অভিযোগ আনেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, মানুষ ভালো করেই জানে গত পাঁচ বছর কারা অত্যাচার-নির্যাতন চালিয়েছিল; গুলি করে পাখির মতো মানুষ মেরেছে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যেভাবে নির্যাতন করেছে, বর্তমান সরকার একইভাবে নির্যাতন করছে বলেও তিনি অভিযোগ করেন।