‘ক্রসফায়ারে’ নিহত বিপ্লবের নামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হুমায়ুন কবির ওরফে বিপ্লবের নামে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন সাংসদ রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে ‘হুমায়ুন কবির বিপ্লব রৌপ্য কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর ওই অনুষ্ঠানের আয়োজন করে টিঅ্যান্ডটি কলোনি শাপলা সংসদ। গত বছরের ১১ জানুয়ারি র‌্যাবের ক্রসফায়ারে মারা যান বিপ্লব। বিপ্লবের মৃত্যুর পর র‌্যাব-৩-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিপ্লব শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। ১৫ থেকে ১৬ বছর ধরে রাজধানীর মতিঝিল, রমনা, পল্টন, খিলগাঁও, সবুজবাগ এলাকায় খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন।এর আগে গত বছরের মার্চে মতিঝিল পোস্টাল কলোনির সরকারি জমিতে বিপ্লবের নামে একটি পার্কেরও উদ্বোধন করা হয়। তখনো প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন।গতকালের অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘বিপ্লব বিচারবহির্ভূত হত্যার শিকার। আমরা এর কোনো প্রতিকার করতে পারিনি। বিচারবহির্ভূত হত্যা নিয়ে আমি সংসদেও কথা বলেছি।’ এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ খান মেনন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘র‌্যাব বিপ্লবকে মেরে ফেলেছে। ও বিচারবহির্ভূত হত্যার শিকার।’