‘ক্রসফায়ার’ নামের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রসফায়ার’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। পরে রাস্তার ওপরই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন ভারতের ঔপন্যাসিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী। দৃকের কর্মকর্তা ও লেখক রেহনুমা আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে পুলিশ এসে প্রদর্শনীতে বাধা দেয়। একপর্যায়ে তারা গ্যালারির ফটক বন্ধ করে দেয়। ফলে কেউ ভেতরে ঢুকতে পারেনি। প্রদর্শনীর ছবিগুলো তুলেছেন আয়োজক প্রতিষ্ঠান দৃকের নির্বাহী পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। রাস্তায় উদ্বোধনের পর অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, শহীদুল আলম প্রমুখ। সেখানে দৃকের ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি’রও উদ্বোধন করা হয়।প্রদর্শনী বন্ধ করে দেওয়ার বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের যথাযথ অনুমতি ছাড়াই তাঁরা প্রদর্শনীটি করছিলেন। তাই তা বন্ধ করে দেওয়া হয়।’