'ক্রসফায়ার' সন্ত্রাসী মদদদাতাদের রক্ষার প্রচেষ্টা
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, অপরাধী দলের হলেও কোনো ছাড় না দেওয়ার জন্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসা ঘোষণা বা সিদ্ধান্ত ইতিবাচক। কিন্তু সে কঠোরতা যদি অপরাধীকে আটকের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি না দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রদর্শন করে তবে তা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। বরং তা চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসীকে মদদদানকারী ক্ষমতাবানদের রক্ষার প্রচেষ্টা হিসেবেও বিবেচিত হবে।
আজ বুধবার আসকের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণের যে প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে আসকের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মাগুরায় গর্ভবতী মায়ের জঠরে গুলিবিদ্ধ শিশু, ঢাকার হাজারীবাগে পিটিয়ে কিশোর রাজা মিয়াকে হত্যা এবং কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র্যালির পর সংঘর্ষে আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন ঘটনাতেই জড়িত ছাত্রলীগ বা যুবলীগের তিন কর্মী র্যাবের সঙ্গে কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে।