‘ক্রান্তিকালে’ রাষ্ট্রপতি হয়ে সবার সহযোগিতা চাইলেন আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাষ্ট্রের ক্রান্তিকালে’ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ এ সহযোগিতা চান। তিনি বলেন, ‘এমন একটা সময়ে আমি দায়িত্ব পাচ্ছি, যখন রাষ্ট্রের জন্য ক্রান্তিকাল। কীভাবে ইজ্জতের সঙ্গে দায়িত্ব পালন করতে পারব, সেটা আমি জানি না। ইজ্জতের সঙ্গে যাতে দায়িত্ব পালন করতে পারি এবং বিদায় নিতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।’আবদুল হামিদের স্বাধীনতা পুরস্কার-২০১৩ পাওয়া উপলক্ষে সংসদ সচিবালয় এ সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি রুমালে চোখ মুছতে মুছতে বলেন, ‘এই সংসদে আমি ৪২ বছর কাটিয়েছি। আজকের দিনটা আমার জন্য বিষাদের। যেখানেই থাকি, মন এখানেই থাকবে। আমি হয়তো বঙ্গভবনেই থাকব। তবে অন্য রাষ্ট্রপতির চেয়ে আমি বেশি সংসদে আসব।’আবদুল হামিদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব এখানে আছেন। আমি আশা করব, তিনি আমাকে উপদেশ-পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এ ছাড়া এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, তাঁরাও আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি।’এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আমরা সবাই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে অন্ধকার। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হয় না। নির্বাচিত রাষ্ট্রপতির কাছে অনুরোধ, আপনি সবাইকে ডাকুন, সবাই মিলে আলোচনা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি, আলোর সন্ধান করি।’ সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আবদুল হামিদ সবাইকে হাসিয়ে সংসদ পরিচালনা করতেন। আমরা চাই, এবার তিনি জাতির মুখে হাসি ফোটাবেন।’ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি সবার ঐক্যের প্রতীক। আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে সব দলের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমার জীবনের অর্ধেক সময় কেটেছে লন্ডনে। ১৯৯৬ সালে যখন দেশে ফিরি, তখন কিছুই চিনতাম না। আবদুল হামিদ তখন আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমার নির্বাচনী এলাকায় আমার জন্য আমি যা করেছি, তিনি তার চেয়ে বেশি করেছেন।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, চিফ হুইপ আব্দুস শহীদ, হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল প্রমুখ।