বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টের জালিয়াতি বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, বিধি অনুসারে তাঁদের ব্যাপারে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থাসহ যা যা করা দরকার তাই করতে বলা হবে।
আজ রোববার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের মধ্যে একজন সাবেক প্রতিমন্ত্রী, অন্য সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় আইনানুযায়ী ব্যবস্থা নেবে, মামলা করার প্রয়োজন হলেও তারাই উদ্যোগ নেবে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে যে নির্দেশনা দেবেন আমরা তাই পালন করব।’ মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটি মাত্র হাতে পেলাম, আমাদের একটু সময় দেন। যারা জালিয়াতি করেছে কেউই ছাড় পাবে না। অন্যদিকে সংসদীয় কমিটির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদনে কী আসে সেটাও আমরা দেখব।’
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার। সম্মাননার স্মারক হিসেবে দেওয়া ক্রেস্ট নিয়ে নজিরবিহীন এ ঘটনা ঘটে।
গত ৬ এপ্রিল ‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে মূল প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এরপরই ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কমিটি গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে ৩৪৪টি ক্রেস্টে স্বর্ণ ও রুপা না দিয়ে মোট সাত কোটি তিন লাখ ৪৬ হাজার ২৮০ টাকা আত্মসাত্ করা হয়েছে। এর জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাবেক সচিব মিজানুর রহমান, বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকসহ ১৩ জন কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।