‘ক্লাসে (শ্রেণীকক্ষে) বসার জায়গা নিয়ে বন্ধুদের মধ্যে মারামারি লেগে যায়’—বলছিল টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সরোয়ার কামাল। দশম শ্রেণীর ছাত্রী সানজিদা বেগম বলে, ‘বেঞ্চের অভাবে সপ্তাহে তিন দিন গণিত, কৃষি ও ধর্ম বিষয়ের পাঠদানের সময় দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণীকক্ষের পেছনে একসঙ্গে অনেকে দাঁড়িয়ে থাকার কারণে শিক্ষক কী বলেন, তা স্পষ্ট শুনতে পারি না।’ কক্সবাজারের টেকনাফ সদর উপজেলা পাইলট উচ্চবিদ্যালয়ে বেঞ্চ-সংকট তীব্র। এর সঙ্গে রয়েছে শ্রেণীকক্ষ সংকট। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৯৭০ জন। প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্রছাত্রী বসার বিধান থাকলেও বসছে চার-পাঁচজন। এর পরও সবাই বসার জায়গা পায় না। শিক্ষকেরা জানান, ষষ্ঠ শ্রেণীতে দুই শাখা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৩৩ জন। কিন্তু বেঞ্চ আছে ৪৪টি। গড়ে প্রতি বেঞ্চে চারজন করে বসলেও সবাই জায়গা পায় না। সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা ২১০ জন। দুই শাখা মিলিয়ে বেঞ্চ আছে ৪২টি। অন্যান্য শ্রেণীর বেঞ্চের সংখ্যাও প্রায় একই রকম। সরেজমিন ১৯ মার্চ ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সপ্তম ও অষ্টম শ্রেণীর গণিত ও ইংরেজি বিষয়ের ক্লাসে ছাত্রছাত্রীরা গাদাগাদি করে বেঞ্চে বসেছে। বসার সুযোগ না পেয়ে কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করছে। অষ্টম শ্রেণীর ছাত্রী ফরিদা আকতার বলে, ‘স্কুলে কম্পিউটার থাকলেও শ্রেণীকক্ষ না থাকায় শেখার সুযোগ পাচ্ছি না।’ ছাত্রছাত্রীরা জানায়, বিদ্যালয়ে পাঠাগার থাকলেও বসার বেঞ্চ নেই। এ ছাড়া ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নেই। নামেমাত্র কমনরুম থাকলেও তাতে বসার ব্যবস্থা নেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান, বেঞ্চ-সংকটের কারণে বেশির ভাগ ছাত্রছাত্রীকে গাদাগাদি করে বসে বা দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল হুদা বলেন, কক্ষ ও বেঞ্চ-সংকটের বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি।টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, কক্ষ ও বেঞ্চ-সংকটসহ অন্য সমস্যার সমাধান হলে লেখাপড়ার মান বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেঞ্চ বাড়ানোর বিষয়টি জানানো হবে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে আমি অবগত ছিলাম না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।’ বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেঞ্চ-সংকট দেখে আমি নিজ উদ্যোগে গত বছর বেশ কিছু বেঞ্চ তৈরি করে দিয়েছি।’