'ক্লিন ইমেজ' ফেরাতে কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এত বড় একটা ঘটনায় আমরা আতঙ্কিত। এর সঙ্গে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি জড়িত। এই ঘটনার পর ‘ক্লিন ইমেজ’ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

আজ বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজের ভালুকা অংশের অগ্রগতি পরিদর্শন শেষে ভালুকার ভান্ডার এলাকায় সাংবাদিকের ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে গভর্নর পদত্যাগ করেছেন। তবে তিনি এ ঘটনার দায় অস্বীকার করতে পারেন না। এ ছাড়া দুজন ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হয়েছে। চার লেনের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, ভালুকা আসনের সাংসদ এম আমান উল্লাহ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফাসহ চার লেনের প্রকল্পের কর্মকর্তারা।
এরপর বেলা ১১ থেকে ২টা পর্যন্ত ওবায়দুল কাদের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাঁদের দুইটি বিআরটিসি বাস দেওয়ার ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী দীর্ঘ দিন ধরে বাস-সংকটে ভুগছেন। শিক্ষার্থীদের পরিবহন সংকট নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম আলো’তে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।