'ক্ষতিগ্রস্ত রাখাইনদের পাশে দাঁড়াতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইনদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ভূমি হারাচ্ছে তারা যাতে বেঁচে থাকতে পারে, সেই নিশ্চয়তাটুকু দিতে হবে। এ দেশের নাগরিক হিসেবে সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি, আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের অন্যতম সদস্য ও সাংসদ ঊষাতন তালুকদার পটুয়াখালীর কলাপাড়ায় এক কর্মশালায় এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ‘বরিশাল অঞ্চলের রাখাইনদের ভূমি এবং সম্পদের অধিকার, বর্তমান প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এ কর্মশালা হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (আইসিডিপি-রাখাইন) এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার আরও বলেন, ‘কাউকে পেছনে ফেলে কখনো এগোনো যায় না। এ দেশের সব মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, দক্ষিণাঞ্চলের রাখাইনদের অবস্থা সবচেয়ে করুণ। অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে রাখাইনরা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এই এলাকার রাখাইনরা আর যাতে দেশান্তরি না হয়, তারা যাতে ভিটে-মাটি থেকে উচ্ছেদ না হয়, সেদিকে স্থানীয় প্রশাসনের নজর রাখতে হবে।
ইনস্টিটিউশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টসের (আইইডি) নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান বলেন, যারা শোষিত-বঞ্চিত, যারা বিচারহীনতার বাইরে আছে, তাদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।
কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এ ছাড়া কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান বক্তব্য দেন।