সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
'ক্ষমতার জন্য মৌলবাদী শক্তির সঙ্গে আপস করেছে সরকার'

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় পৃথকভাবে মিছিল-সমাবেশ করে এসব সংগঠন। এসব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মৌলবাদী শক্তির সঙ্গে আপস করেছে। একের পর এক তাদের দাবি মেনে নিচ্ছে।
ভাস্কর্য সরানোর প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের আন্দরকিল্লা মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভোটের জন্য হেফাজতে ইসলামের সঙ্গে আপস করেছে সরকার। হেফাজতে ইসলামের একের পর এক দাবি মেনে নিয়ে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রিপায়ন বড়ুয়া। বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সাংগঠনিক সম্পাদক জাবেদ চৌধুরী, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি রাশিদুল সামির ও চট্টগ্রাম জেলা সংসদের বর্তমান আহ্বায়ক গোলাম সরোয়ার।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও নারীমুক্তি কেন্দ্র যৌথভাবে মিছিল ও সমাবেশ করেছে। চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ধরে রাখার জন্য সরকার মৌলবাদী শক্তির মধ্যযুগীয় দাবি মেনে নিচ্ছে। এই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট চত্বর থেকে ন্যায়বিচারের প্রতীকী ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। এর আগে হেফাজতে ইসলামের দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকতাকরণ করেছে সরকার।
ভাস্কর্য সরানোর প্রতিবাদে গতকাল সকালে ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। তাঁরা বলেন, সরকার ভিন্নমত রুখতে হামলা, মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে। কিন্তু পেশির জোরে বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার বিচার দাবি এবং সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানান তাঁরা।
নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক মেজবাহ উদ্দিন ও বিশুময় দেব, ছাত্রফ্রন্টের নগর শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ সায়েম, স্কুলবিষয়ক সম্পাদক জয়তু সুশীল প্রমুখ।