'ক্ষমতাসীন দলের একাংশ সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে'
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায়। তাদের সময়ে এ দেশের হিন্দুরা দেশ ত্যাগ করবে এটা লজ্জার কথা। গত ছয় মাসে শুধু নড়াইল থেকেই ১২টি হিন্দু পরিবার দেশ ত্যাগ করে চলে গেছে। কেন দেশ ত্যাগ করল, তার কারণ নির্ণয় করা সরকারের উচিত। তিনি এ ব্যাপারে সংসদীয় কমিটি গঠনের দাবি করেন।
গতকাল রোববার দুপুরে নড়াইল প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, ক্ষমতাসীন দলের একাংশ সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এর আগে রানা দাশগুপ্ত ৩০ জুলাই সন্ত্রাসীদের হাতে নিহত নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের কাঠমিস্ত্রি নীল কোমলের বাড়িতে যান। সেখানে তিনি তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রানা দাশগুপ্ত আরও বলেন, নড়াইল আওয়ামী লীগের রিজার্ভ ভোট ব্যাংক। কিন্তু এখানে দিন দিন হিন্দু ভোটারের সংখ্যা কমে যাচ্ছে।