'ক্ষমতাহীন' চেয়ারম্যানরা এবার নির্বাচনবিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ফের নির্বাচনে অংশ নিলেও জয়পুরহাটের আক্কেলপুরে এর ব্যতিক্রম ঘটেছে। এখানকার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কেউই নির্বাচনে অংশ নিচ্ছেন না। উপজেলা পরিষদ-ব্যবস্থায় দুর্বলতাই নির্বাচনে তাঁদের অনাগ্রহের মূল কারণ বলে জানা গেছে। এ কারণে ক্ষুব্ধ হয়েই তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন না।
গত উপজেলা পরিষদ নির্বাচনে এখানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আনোয়ারুল হক ওরফে বাবলু চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন নাজিমুদ্দিন নাদিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা সুলতানা ওরফে মলি। তাঁরা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আগামী ১৫ মার্চ এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাঁরা কেউই মনোনয়নপত্র জমা দেননি।
মাহফুজা সুলতানা বলেন, ‘উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের চেয়ে ইউপি সদস্যরাই অনেক ভালো আছেন। ইউপি সদস্যদের নির্দিষ্ট ক্ষমতা আছে। ভাইস চেয়ারম্যানের তাও নেই।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা কেউই মনোনয়নপত্র জমা দেননি।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হয়ে তাঁরা যে প্রত্যাশা করেছিলেন, তা বাস্তবায়িত হয়নি। উপজেলা পরিষদ-ব্যবস্থার দুর্বলতার কারণেই তাঁরা তা বাস্তবায়ন করতে পারেননি। এই হতাশা আর ক্ষোভ থেকেই তাঁরা নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়িয়েছেন। স্থানীয় সাংসদ ও আমলাতান্ত্রিক খবরদারিতে উপজেলা পরিষদ-ব্যবস্থা দুর্বল প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে।
ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদিম বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যানদের কোনো ক্ষমতা নেই। স্বাধীনভাবে কোনো কাজ করা যায় না। আগে জানলে নির্বাচন করতাম না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, সরকার ১০টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগ উপজেলা পরিষদের ওপর ন্যস্ত করেছে। কিন্তু পরিষদকে কোনো ক্ষমতা দেয়নি। এ কারণেই উপজেলা পরিষদ-ব্যবস্থা দুর্বল হয়ে আছে। উপজেলা পরিষদকে শক্তিশালী করতে বহু আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু সরকার উপজেলা-ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেয়নি। নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কানার লাঠি একবারই হারায়।’