'ক্ষমা করে দাও হে নদী'

‘করেছি অনেক অবিচার, অনেক অপমান/ ক্ষমা করে দাও হে নদী/ আজ নাও আমাদের পুষ্প সম্মান...’।
কাল রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশ ‘নদীর কাছে ক্ষমা প্রার্থনা’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ মনোভাবাপন্ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল সাড়ে ১০টায় সিলেট শহরের কিনব্রিজ এলাকায় সুরমা নদীতে পুষ্প নিবেদন করে এই ক্ষমা প্রার্থনা করেন। এ সময় বিশেষ প্রচারপত্র পাঠ করা হয়।
ওই প্রচারপত্রে বলা হয়, পৃথিবীজুড়ে যে নদী হাজার বছর ধরে মানবসভ্যতা গড়ে তোলার জন্য অবিরত অবদান রেখে চলেছে, সেই নদীর ওপর আমরা মানবজাতি অবিবেচক, অকৃতজ্ঞ ও নিষ্ঠুরের মতো বর্বর আচরণ করে চলেছি। লোভী মানুষের দখল, অপরিকল্পিত শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের কীটনাশকের ভয়ংকর দূষণ এবং নদীর প্রবাহে নানা কৃত্রিম বাধা সৃষ্টি করে নদ-নদীকে হত্যার আয়োজনে মত্ত আমরা। নদীর কাছে তাই এই ক্ষমা প্রার্থনা ও পুষ্পাঞ্জলি নিবেদন।
অঙ্গীকার বাংলাদেশের সমন্বয়ক মইনুদ্দিন আহমদ জালাল সুরমা নদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নদীর কাছে ক্ষমা প্রার্থনা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সুরমা রিভার কিপার আবদুল করিম কিম, সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি রেহানা পারভিন, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি খায়রুল হাসান, খেলাঘর আসর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, নগরনাটের সভাপতি অরূপ বাউল, ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান ও অঙ্গীকার বাংলাদেশ সিলেটের সদস্য জামিল আহমদ অংশ নেন।
শহর ছাড়াও সিলেটের গ্রাম এলাকা দিয়ে প্রবহমান সুরমার শাখা নদী বিশ্বনাথের বাসিয়া নদীর তীরেও পুষ্পার্ঘ্য নিবেদন কর্মসূচি পালিত হয়।